আন্তর্জাতিক অঙ্গনে নারী হকি দলের ঐতিহাসিক জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২১ পিএম, ২৪ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক অঙ্গনে নারী হকি দলের ঐতিহাসিক জয়

নারী এশিয়ান গেমসের বাছাইপর্ব হকি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় বাংলাদেশ নারী দলের এটি প্রথম জয়।

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত গত বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সাথে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে শুক্রবার (২৪ এপ্রিল) দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রথম জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।

খেলা শুরুর ১১তম মিনিটে শারিকা রিমনের গোলে প্রথম এগিয়ে যায় বাংলাদেশ। ১২তম মিনিটে উজবেকিস্তান গোল করলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথম কোয়ার্টার।

ম্যাচের ২৪তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণদুর্গে ফাটল ধরিয়ে ম্যাচের আবারও এগিয়ে যায় বাংলাদেশ। কনা আক্তারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলার মেয়েরা।
sportsmail24

৪০তম মিনিটে আইরিন আক্তার রিয়ার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৪৬তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ম্যাচে ব্যবধান কমায় উজবেকিস্তান। এরপর ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আইরিন আক্তার।

দুই ম্যাচ খেলে একটি করে জয় ও ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশের মেয়েরা। এছাড়া ২টি করে ম্যাচ খেলে চাইনিজ তাইপে ৪ ও উজবেকিস্তান ২ পয়েন্ট পেয়েছে।



শেয়ার করুন :