‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর ফাইনালে উঠেছে পাঁচবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার এবং বাংলাদেশ পুলিশ নারী দল। ধানমন্ডি রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শনিবার দুই দলের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) দ্বিতীয় দিনের কোয়ার্টার ফাইনাল ও সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ আনসার নারী দল সাভার কমিউনিটি ক্লাবকে ২০-০০ রানে পরাজিত করে সেমি-ফাইনালে উঠে।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম বেসবল ক্লাবকে ১৫-০০ রানে হারিয়ে জয়পুরহাট বেসবল ক্লাব সেমি-ফাইনালে উন্নীত হয়।
সেমি-ফাইনালের প্রথম ম্যাচে ভিডিপি জয়পুরহাট বেসবল ক্লাবকে ১৫-০০ রানে পরাজিত করে বাংলাদেশ আনসার ফাইনালে জায়গা করে নেয়।দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা জেলা বেসবল দলকে একই ব্যবধানে (১৫-০০ রানে) হারিয়ে বাংলাদেশ পুলিশ নারী দল ফাইনাল নিশ্চিত করে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে জয়পুরহাট বেসবল ক্লাব ও ঢাকা জেলা বেসবল দলের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে। এরপর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।
সেমি-ফাইনাল খেলায় মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্য শরিফ উদ্দিন ও ঢাকা কলেজের ভাইস প্রেসিডেন্ট প্রোফেসর আনোয়ার মাহমুদ।
একই সময় বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের (বিবিএসএ) সম্মানিত সভাপতি আফজালুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহাগ, জাতীয় দলের কোচ হিরোকি ওয়াতানাবেসহ বিবিএসএর অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান উপস্থিত থাকবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ ও বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।
