দায়িত্ব নিয়েই জাহেদ পারভেজ বলেন, ‘দুর্নীতি জিরো টলারেন্স, দরজা সবার জন্য উন্মুক্ত’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০২ আগস্ট ২০২৬
দায়িত্ব নিয়েই জাহেদ পারভেজ বলেন, ‘দুর্নীতি জিরো টলারেন্স, দরজা সবার জন্য উন্মুক্ত’

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নতুন ক্রীড়া পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিলেন জাহেদ পারভেজ চৌধুরী। রবিবার (২ আগস্ট) দায়িত্ব গ্রহণের দিন নিজ কার্যালয়ে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

দায়িত্ব গ্রহণের পর জাহেদ পারভেজ চৌধুরী জানান, সরকারের ক্রীড়া উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নই হবে প্রধান অগ্রাধিকার। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন এবং দুর্নীতির বিরুদ্ধে থাকবে ‘জিরো টলারেন্স’ নীতি।

অতীতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে উল্লেখ করে তিনি বলেন, নিজেদের কর্মপরিকল্পনার পাশাপাশি ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সরকারের ক্রীড়া উন্নয়ন কর্মসূচি সফল করতে ফেডারেশন কর্মকর্তা, খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

অভিযোগ, পরামর্শ কিংবা যে কোনো প্রয়োজন নিয়ে সবাইকে তার সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়ে জাহেদ পারভেজ জানান, তার দপ্তরের দরজা সবার জন্য উন্মুক্ত।

নতুন ক্রীড়া পরিচালক হিসেবে জাহেদ পারভেজ চৌধুরীর দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব। জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় শুটার শারমিন আক্তার রত্না বলেন, ক্রীড়া উন্নয়নের লক্ষ্য অর্জনে সঠিক মানুষের সঠিক জায়গায় দায়িত্ব পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সম্পাদক এলিনা সুলতানা, সাবেক জাতীয় ফুটবলার ও বাংলাদেশ হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন, সাবেক দাবাড়ু ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পরাগ এবং সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মমিন সাদ্দামসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।



শেয়ার করুন :