এশিয়ান গেমস ২০২৬ উইমেন্স শর্টবোর্ড সার্ফিংয়ে তৃতীয় স্থানে থেকে হিট শেষ করেছেন বাংলাদেশের ফাতেমা আক্তার। শুক্রবার জাপানের লং বিচে অনুষ্ঠিত রাউন্ড ১-এর ২ নম্বর হিটে মোট ২.৯২ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানে থেকে হিট শেষ করেছেন ফাতেমা। তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে তার।
হিটে ফাতেমা তার একটি ওয়েভ থেকে সর্বোচ্চ ২.৫০ পয়েন্ট তুলেন। তার দ্বিতীয় স্কোরিং ওয়েভটিতে তিনি ০.৮৩ পয়েন্ট পেলেও নিয়মানুযায়ী 'ইন্টারফেয়ারেন্স পেনাল্টি'-র (পেনাল্টি ১) কারণে সেই স্কোরটি কমে ০.৪২-তে নেমে আসে। মূলত এখানেই পিছিয়ে পড়েন তিনি। সেরা দুটি ওয়েভ মিলিয়ে তার চূড়ান্ত পয়েন্ট দাঁড়ায় ২.৯২।
এই হিটে ৭.৭৩ পয়েন্ট (৪.০০ এবং ৩.৭৩) নিয়ে শীর্ষস্থানে ছিলেন চীনের প্রতিযোগী জিন শুহান। অন্যদিকে, ৫.০৩ পয়েন্ট (২.৭৩ এবং ২.৩০) নিয়ে দ্বিতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার হেয়ার কিয়া জো।
এবারের গেমসে নারী সার্ফিংয়ের প্রথম রাউন্ডে ৮টি হিটে অংশ নিচ্ছেন মোট ২১ জন সার্ফার। নিয়ম অনুযায়ী, প্রথম রাউন্ডের হিট বিজয়ীরা সরাসরি টিকিট পাবেন রাউন্ড-৩ বা শেষ ষোলোর। তবে হিটে তৃতীয় হলেও ফাতেমার পদক জয়ের স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি।
পরাজিত প্রতিযোগীরা সুযোগ পাবেন রাউন্ড-২ বা 'এলিমিনেটর রাউন্ডে' লড়াই করার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনাল ও সেমি-ফাইনালের পথ ধরে পদকের লড়াইয়ে পৌঁছানোর সুযোগ থাকছে ফাতেমার সামনে। বর্তমানে প্রথম রাউন্ডের অন্যান্য হিটের খেলা চলমান।
