রাজশাহীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে বগুড়া চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে রানারআপ হয়েছে রাজশাহী।
রবিবার (১৪ জুন) রাজশাহী মুক্তযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনালে বগুড়া বিট মডেল স্কুল এন্ড কলেজ ১৭ রানে রাজশাহীর লোকনাথ হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে রাজশাহীর লোকনাথ হাই স্কুল রানারআপ হয়েছে।
টস জয়ী বগুড়া বিট মডেল স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে ৩৯.২ ওভারে ১৩৬ রানে অলআউট হয়। দলের পক্ষে বাজিত ৪৪, বদরুজ্জামান ৩৪ ও রোসুল ২২ রান করেন।
বিপক্ষ দলের সিফাত ৪৫ রানে, ওসমান ৩০ রানে ও সাব্বির ১০ রানে ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৩৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে রাজশাহী লোকনাথ হাই স্কুল ৪৪.৩ ওভারে ১১৯ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সাদিদ ৩০ ও ওসমান ২০ রান করেন।
বিপক্ষ দলের পক্ষে ইরফান ১৯ রানে ৪টি, তাহমিদ ১৫ ও সাদাত ১৬ রানে ২টি করে উইকেট নেন।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বগুড়ার ইরফান। টুর্নামেন্টে রাজশাহীর সারাফাত সর্বোচ্চ রান সংগ্রহ করেন।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ভলিবল খেলোয়াড় ও রাজশাহী জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. হাসিনুল ইসলাম চুন্নু।
তিনি ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রকারী ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া খেলোয়াড়দ্বয়কে নগদ আড়াই হাজার টাকা করে পুরস্কার প্রদান করেন।
মো. সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার ও কোচ মো. জামিলুর রহমান সাদ, সাবেক ফুটবলার মো. মুরাদুজ্জামান এলান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মোজাম্মেল হক। এ সময় অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
