শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন শেরপুর পৌরসভা একাদশ

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৮ অক্টোবর ২০২৬
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন শেরপুর পৌরসভা একাদশ

ফাইনাল খেলা, দুই দলেই স্থানীয়দের পাশাপাশি একাধিক বিদেশি খেলোয়াড়, বিপুল সংখ্যক দর্শক গ্যালারি উপচে ঢুকে পড়ে মাঠে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। বিমোহিত দর্শক ও মুহুর্মূহু করতালিতে জেগে ওঠে স্টেডিয়ামের গ্যালারি। ফুটবলের এমন আনন্দঘন মুহূর্ত দেখা যায় শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে।

শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনাল খেলায় এমন দৃশ্যের জন্ম দিয়েছে। ফাইনাল শেরপুর পৌরসভা একাদশ ১-০ গোলে সদর উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলাটি উপভোগ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দল এবং সেরা খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ -এমন লক্ষ্য নিয়ে খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার ক্রীড়া ভাতা কার্ড চালু করেছে। প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি ক্রীড়া’ প্রতিযোগিতা আয়োজন করেছে। দেশের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মাঠ খেলাধুলার জন্য ‘ডেডিকেটিড’ থাকবে।

তিনি বলেন, সেটি কেউ দান করুন কিংবা জমি কিনে হলেও আগামী বছরের মধ্যে সরকার ইউনিয়ন পর্যায়ে একটি খেলার মাঠ বাস্তবায়ন করা হবে। সেই সাথে প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম করার পরিকল্পনা করা হয়েছে।

বিপুল সংখ্যক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটে পৌরসভা একাদশের পক্ষে খেলা মিডফিল্ডার নাইজেরিয়ান বংশদ্ভুত ফুটবলার সিদ্দিক একমাত্র গোলটি করেন।

চ্যাম্পিয়ন হওয়ার ট্রফির পাশাপাশি শেরপুর পৌরসভা একাদশ একলাখ ১০ হাজার হাজার টাকা প্রাইজমানি লাভ করে। অপরদিকে, রানারআপ শেরপুর সদর উপজেলা একাদশকে ট্রফি ও প্রাইজমানি দেওয়া হয়।

এছাড়া শেরপুর পৌরসভা একাদশের মিডফিল্ডার জিহানকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, একই দলের আরেক মিডফিল্ডার ইমরানকে ম্যাচের সেরা খেলোয়াড় এবং শেরপুর সদর উপজেলা একাদশের গোলকিপার সাজু মিয়াকে সেরা গোলকিপারের পুরষ্কার হিসেবে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হয়।

ফাইনালে আরও একটি আকর্ষন ছিল সেরা দর্শক নির্বাচন। দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে সেরা দর্শকের প্রথম পুরস্কার আকর্ষণীয় বাইসাইকেল লাভ করেন শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ফকিরপারার কিশোর মো. জিতু মিয়া। এঠড়া আরও ৯ জন দর্শককে বিশেষ পুরষ্কার দেওয়া হয়।

টুর্নামেন্ট আয়োজন বিষয়ে এক প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

সফল এ আয়োজনে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, জেলার ক্রীড়াঙ্গনের বিভিন্ন সংগঠক, খেলোয়াড়, কোচ, পৃষ্ঠপোষক, খেলার পরিচালকবৃন্দ, প্রতিদ্বন্দ্বি দলসমূহ, রেডক্রিসেন্ট, বিভিন্ন সাংস্কৃতিক কর্মীবৃন্দ, সাংবাদিক, রাজনীতিক, সুধীবৃন্দ ও দর্শকদের ভুয়শী প্রশংসা করেন এবং সকলকে আয়োজন সংশ্লিষ্ট ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক।

ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নকলা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক আবু রায়হান রূপণ, ডিএফএ সভাপতি কামাল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ৮টি দল অংশগ্রহণ করে।

হাকিম বাবুল, শেরপুর/আরএস



শেয়ার করুন :