জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) রাজশাহী ভেন্যুর পঞ্চম রাউন্ডে ঢাকা-বরিশাল ম্যাচের প্রথম দিনে খেলা সম্ভব হয়নি। আউটফিল্ড ভেজা থাকার কারণে মাঠে একটি বলও গড়াতে পারেনি।
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৩১) অক্টোবর ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে শুক্রবার সন্ধ্যায় এবং এর আগের দুইদিন মুষলধারে বৃষ্টি হওয়ায় মাঠের আউটফিল্ডে পানি জমে গিয়েছিল।
শনিবার সকাল থেকেই রোদ উঠলেও আউটফিল্ড ভেজা থাকায় মাঠে বল গড়ানো সম্ভব হয়নি। সকালে আম্পায়াররা কয়েক দফা মাঠ পরিদর্শন করে মাঠ খেলার উপযুক্ত নয় বলে জানিয়ে দেন। পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে ম্যাচ রেফরি জানিয়ে দেন কোনো অবস্থাতেই মাঠে বল গড়ানো সম্ভব নয়।
এ ব্যাপারে রাজশাহীর ভেন্যু ম্যানেজার সাইফুল্লাহ খান জেমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচের প্রথম দিন একটি বলও মাঠে গড়াতে পারেনি। আবহাওয়া অনুকূলে থাকলে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে।
মো. ফয়সাল আলম রাজশাহী/আরএস
