চার ম্যাচেও জয়ের দেখা পেল না নোয়াখালী এক্সপ্রেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬
চার ম্যাচেও জয়ের দেখা পেল না নোয়াখালী এক্সপ্রেস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি নোয়াখালী এক্সপ্রেস। সর্বশেষ সিলেট টাইটানসের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় লজ্জার স্কোর গড়ে হারের স্বাদ নিতে হয়েছে। সিলেটের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় হার।

বিপিএল লিগ পর্বে নোয়াখালী প্রথম ম্যাচ খেলেছিল চট্টগ্রাম ওয়্যালসের বিপক্ষে। সিলেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করে চট্টগ্রামকে ১৭৪ থামালেও ব্যাটিং ভালো করতে পারেনি নোয়াখালী।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সৈকত আলীর নেতৃত্বাধীন নোয়াখালীর ব্যাটিং ইনিংস গুটিয়ে যায় ১৬.৫ ওভারে। দলীয় ১০৯ রানে গুটিয়ে যাওয়ায় ৬৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে নোয়াখালী এক্সপ্রেস।

দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেটের বিপক্ষে ১ উইকেটে হারের নোয়াখালী। ১৪৩ রানের স্কোর করলে ৯ উইকেট হারানো সিলেট শেষ বলে জয় তুলে নেয়। ফলে দ্বিতীয় হারের স্বাদ পায় নোয়াখালী এক্সপ্রেস।

নোয়াখালীর টানা তৃতীয় হারটি আসে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। রিপন মন্ডলের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২৪ রান করলে সহজেই ৬ উইকেটের জয় তুলে নিয়ে রাজশাহী। ফলে হ্যাটট্রিক হারের স্বাদ পায় নোয়াখালী এক্সপ্রেস।

টানা তিন হারের পর ঘুরে দাঁড়ানোর ম্যাচে যুক্ত হয়েছিলেন সৌম্য সরকার এবং মোহাম্মদ নবী। এছাড়া সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল। তবে নাসুম আহমেদের পাঁচ উইকেটে শিকারে চলমান বিপিএলে সবচেয়ে কম রানের লজ্জার রেকর্ড গড়ে নোয়াখালী।

সিলেটের বোলিং তোপে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালীর ব্যাটিং ইনিংস। চার ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন সিলেটের ঘরের ছেলে নাসুম আহমেদ। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ে বন্দরে পৌঁছে যায় স্বাগতিক সিলেট।

নিজেদের খেলা চার ম্যাচের চারটিতেই হারের স্বাদ পাওয়া নোয়াখালী এক্সপ্রেস স্বাভাবিকভাবে পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে। এখন পর্যন্ত শেষ হওয়া ১৩ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম রয়্যালস।

সমান সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট অর্জন করলেও রান রেটে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস।


বিষয়ঃ

শেয়ার করুন :