ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান সফর করবে আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দল। ২০২৭ সালের জানুয়ারিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এশিয়ার কোন দেশে আয়ারল্যান্ড ক্রিকেট দলের এটিই হবে প্রথম সফর।
সফরটি আয়ারল্যান্ড ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দলটি ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বেও অংশ নেবে।
মূল দলের বিপেক্ষে মাঠে নামার আগে অবশ্য পাকিস্তান ‘এ’ দলে বিপক্ষেও তিনটি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। ১৩ থেকে ১৭ জানুয়ারি ‘পাকিস্তান শাহিনস’ নামের দলের (পাকিস্তান ‘এ’ দল) বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজে অংশ নেবে তারা।
ক্রিকেট আয়ারল্যান্ডের ‘হাই পারফরম্যান্স’ পরিচালক গ্রায়েম ওয়েস্ট পাকিস্তানের বিপক্ষে সিরিজটিকে উভয় দলের জন্যই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
তিনি বলেন, “যদিও আমরা শুরুতে বিভিন্ন ফরম্যাটের সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিলাম, তবে উভয় বোর্ডই একমত হয়েছে যে ৫০ ওভারের ক্রিকেট খেললে উভয় দলের স্কোয়াডই সবচেয়ে বেশি উপকৃত হবে। কারণ, আমাদের সামনে রয়েছে বিশ্বকাপ বাছাইপর্ব এবং পাকিস্তানও ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে।”
গ্রায়েম ওয়েস্ট বলেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং তাদের খেলোয়াড়দের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আমরা এই ঐতিহাসিক প্রথম সফরের অপেক্ষায় আছি। আশা করি, আগামী বছরগুলোতে এমন আরও অনেক সফরের সূচনা হবে এটি।”
পাকিস্তান সফরে আয়ারল্যান্ডের ছয়িটি ম্যাচই দিনের আলোতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সিরিজ সূচি
প্রথম ওয়ানডে: ২০ জানুয়ারি
দ্বিতীয় ওয়ানডে: ২২ জানুয়ারি
তৃতীয় ওয়ানডে: ২৪ জানুয়ারি।
