টানা ষষ্ঠ হার, বিপিএল থেকে ছিটকে গেল নোয়াখালী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬
টানা ষষ্ঠ হার, বিপিএল থেকে ছিটকে গেল নোয়াখালী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বাদশ আসরে প্রথমবারের মতো যুক্ত হয়েই নানা আলোচনার জন্ম দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। সুদূর নোয়াখালী থেকে সিলেটের মাঠে দলের খেলা দেখতে আসলেও ভক্তদের বার বার হতাশায় ঢুবিয়েছে দলটি। এবার টানা ছয় ম্যাচ হেরে বিপিএল থেকে কার্যত ছিটকে গেল তারা।

বিপিএলের চলমান আসরের দ্বিতীয় দিন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করেছিল নোয়াখালী এক্সপ্রেস। প্রথম ম্যাচে হারের পর অধিনায়ক পাল্টালেও বাকি পাঁচ ম্যাচেও ছয়ে ফিরতে পারেনি তারা। সর্বশেষ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে হেরে গেছে নোয়াখালী।

ছয় ম্যাচে ছয় হারে কোন পয়েন্ট অর্জন করতে না পারা নোয়াখালী স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে। লিগ পর্বে বাকি থাকা চার ম্যাচের সবগুলো ম্যাচ জিতে ৮ পয়েন্ট অর্জন করলেও প্লে অফে খেলা সম্ভব হবে না।

 

ছয় ম্যাচ খেলে নোয়াখালী এখন পর্যন্ত জয়ের দেখা না পেলেও হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ফলে ৫ ম্যাচ শেষে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠেছে রাজশাহী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নোয়াখালীকে ৪৮ বলে ৫৭ রানের সূচনা এনে দেন দুই ওপেনার শাহাদাত হোসেন ও সৌম্য। ৪টি চারে ২৮ বলে ৩০ রান করা শাহাদাতকে শিকার করে রাজশাহীকে প্রথম উইকেট উপহার দেন পেসার রিপন মন্ডল।

তিন নম্বরে নামা মাজ সাদাকাত ৭ রানে আউট হলে মোহাম্মদ নবিকে নিয়ে ২৭ বলে ৪০ রানের জুটিতে দলের রান ১শ পার করেন সৌম্য। এই জুটিতে টি-টোয়েন্টিতে ২৩তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে সাজঘরে ফিরেন সৌম্য। স্পিনার হাসান মুরাদের শিকার হবার আগে ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৫৯ রান করেন তিনি।

১৭তম ওভারে দলীয় ১২৩ রানে সৌম্য ফেরার পর নবি ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রানের সংগ্রহ পায় নোয়াখালী। নবি ২৬ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩৫ এবং অঙ্কন ৫ বলে ১টি ছক্কায় ১০ রান করেন। বল হাতে মন্ডল ২৭ রানে ২ উইকেট নেন।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর স্কোর বোর্ডে ৫ ওভারে ৪৭ রান জমা করেন দুই ওপেনার তানজিদ হাসান ও মুহাম্মদ ওয়াসিম। ৩টি চার ও ১টি ছক্কায় ২১ রান করা তানজিদকে থামিয়ে রাজশাহীর উদ্বোধনী জুটি ভাঙেন নোয়াখালীর বাঁ-হাতি পেসার মেহেদি হাসান রানা।

তানজিদের আউটে ক্রিজে এসে সুবিধা করতে পারেননি রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রানার দ্বিতীয় শিকার হয়ে ১ রানে ফিরেন তিনি।

৬১ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ৩৭ বলে ৪৪ রানের জুটিতে রাজশাহীর রান ১শ পার করেন ওয়াসিম ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এই জুটিতে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩০তম অর্ধশতক পূর্ণ করে রান আউটের ফাঁদে পড়েন ওয়াসিম। ৪টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৬০ রান করেন তিনি।

দলীয় ১০৫ রানে ওয়াসিম ফেরার পর মুশফিক ১৯ ও ইয়াসির আলি ৯ রানে আউট হলে, ষষ্ঠ উইকেটে রায়ান বার্ল ও এসএম মেহরবের ১৮ বলে ২৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় রাজশাহী।

জয় থেকে ১ রান দূরে থাকতে আউট হন মেহেরব। ৬ বল বাকী থাকতে দলের জয় নিশ্চিত করে তানজিম হাসান সাকিব। ১৯ রানে অপরাজিত থাকেন বার্ল।

রানা ২৫ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন রাজশাহীর ওয়াসিম।


বিষয়ঃ

শেয়ার করুন :