তানজিদের সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিলো রাজশাহী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬
তানজিদের সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিলো রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের তানজিদ হাসান তামিম। তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রাম রয়্যালসকে ১৭৫ রানে লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রাজশাহী।

শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ গড়ে রাজশাহী। দলের পক্ষে ওপেনার তানজিদ হাসান তামিম ১০০ রান করেন।

ব্যাট হাতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান। পাওয়ার প্লেতে ৪০ রান তুলেন তারা। সপ্তম ওভারে দলের রান পঞ্চাশ পূর্ণ করেন এই দুই ওপেনার।

দশম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২১তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। এজন্য ২৯ বল খেলেন তিনি।

১১তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৮৩ রানে রাজশাহীর উদ্বোধনী ভাঙ্গেন চট্টগ্রামের পেসার মুকিদুল ইসলাম। ২টি চার ও ১টি ছক্কায় ৩০ বলে ৩০ রান করা ফারহানকে শিকার করেন মুকিদুল।

এরপর কেন উইলিয়ামসনকে নিয়ে ৩২ বলে ৪৭ রান যোগ করেন তানজিদ। জুটিতে ২টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২৪ রান করা উইলিয়ামসনকে থামান চট্টগ্রামের পেসার শরিফুল ইসলাম।

দলীয় ১৩০ রানে উইলিয়ামসন ফেরার পর ক্রিজে তানজিদের সঙ্গী হন জেমি নিশাম। তাদের ১৯ বলে ৩৩ রানের জুটিতে টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরির দেখা পান ৬১ বল খেলা তানজিদ।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবগুলো সেঞ্চুরিই বিপিএলের মঞ্চে করেছেন তিনি। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বিপিএলে সর্বোচ্চ।

তৃতীয় ব্যাটার হিসেবে বিপিএলের ফাইনালে সেঞ্চুরি করলেন তানজিদ। এর আগে ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল।

শেষ পর্যন্ত মুকিদুলের বলে আউট হন তানজিদ। ৬২ বল খেলে ৬টি চার ও ৭টি ছক্কায় ১০০ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

ইনিংসের শেষ দিকে নিশাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭ বলে ১১ রানের জুটিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ পায় রাজশাহী।

বল হাতে চট্টগ্রামের শরিফুল ও মুকিদুল ২টি করে উইকেট নেন।


বিষয়ঃ

শেয়ার করুন :