নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। দলের জয়ে সাহিবজাদা ফারহান ৫৮ বলে অপরাজিত ১০০ রান করেছেন।
ফারহানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৯৯ রান করেছিল পাকিস্তান। জবাবে নামিবিয়া ১৭.৩ ওভারে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায়। এ জয়ে গ্রুপ ‘এ’-তে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পাকিস্তান সুপার এইটে উঠেছে। চার পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র।
সুপার এইটের গ্রুপ-১’এ ভারতে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, শ্রীলঙ্কায় গ্রুপ-২’এ পাকিস্তানের সঙ্গে থাকবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও সহ-আয়োজক শ্রীলঙ্কা।
ভারতের বিপক্ষে ৬১ রানে হতাশাজনক হারের পর পাকিস্তানের সামনে শেষ ম্যাচে জয় ছাড়া উপায় ছিল না। স্পিনার উসমান তারিক (৪-১৬) ও শাদাব খান (৩-১৯) নামিবিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে কাজটি সহজ করে দিয়েছেন।
ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেন, “এটা ছিল সম্পূর্ণ পারফরম্যান্স। আমরা ভালো ব্যাট করেছি, ফারহান ইনিংসটা ধরে রেখেছে। সে কিছুদিন ধরেই ভালো খেলছিল, আজ সেঞ্চুরি পেয়ে আমি খুব খুশি। বল হাতেও আমরা ছিলাম বিধ্বংসী।”
