২০২৬ মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে ২৮ জন ক্রিকেটারকে যুক্ত করলেও ‘এ প্লাস’ ক্যাটাগরির কোন ক্রিকেটার পায়নি বিসিবি। আগের চুক্তিতে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদও এবার নেমে গেছেন ‘এ’ ক্যাটাগরিতে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই চুক্তিতে বেতন না বাড়লেও ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হয়েছে।
২০২৫ সালের চুক্তিতে ছিলেন ২২ জন ক্রিকেটার। এবার চারটি বেতন গ্রেডের চুক্তিতে ২৮ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। তবে ১০ লাখ টাকার ‘এ প্লাস’ গ্রেডে কোন ক্রিকেটারকে রাখেনি বিসিবি।
নতুন চুক্তিতে ‘এ’ গ্রেডে চারজন, ‘বি’ গ্রেডে ১১ জন, ‘সি’ গ্রেডে ছয়জন এবং ‘ডি’ গ্রেডে সাতজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। যেখানে ‘এ’ গ্রেডের বেতন ধরা হয়েছে ৮ লাখ টাকা।
‘এ’ গ্রেডে তিন ফরম্যাটের তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস এবং পেসার তাসকিন আহমেদকে রাখা হয়েছে। গত বছর ‘এ’ প্লাস গ্রেডে শুধুমাত্র তাসকিনই ছিলেন। বেতন পেয়েছেন মাসিক সর্বোচ্চ ১০ লাখ টাকা।
এছাড়া ‘বি’, ‘সি’, ও ‘ডি’ গ্রেডের বেতন যথাক্রমে- ৬, ৪ ও ২ লাখ টাকা। গত বছর ‘এ’ গ্রেডে ছিলেন মুশফিকুর রহিম। শুধুমাত্র টেস্ট খেলা মুশফিক এবার ‘বি’ গ্রেডে নেমে গেছেন। গত বছর ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন রিশাদ হোসেন, শেখ মাহেদি, তানজিদ হাসান ও সাদমান ইসলাম। এবার ‘বি’ গ্রেডে আছেন তারা।
গত বছর ‘ডি’ গ্রেডে ছিলেন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ। এবার ‘সি’ গ্রেডে উন্নতি হয়েছে তাদের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বেতন কাঠামো ও চুক্তি কার্যকর থাকবে।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা
গ্রেড ‘এ’
নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ।
গ্রেড ‘বি’
মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
গ্রেড ‘সি’
সৌম্য সরকার, জাকের আলি, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান, সৈয়দ খালেদ আহমেদ।
গ্রেড ‘ডি’
সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান।
