নতুন উচ্চতায় লিটন দাস, মাথায় নতুন ক্যাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২০ এপ্রিল ২০২৬
নতুন উচ্চতায় লিটন দাস, মাথায় নতুন ক্যাপ

নতুন উচ্চতা স্পর্শ করলেন লিটন কুমার দাস। বাংলাদেশের জার্সি জড়িয়ে শততম ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করলেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। এর আগে বাংলাদেশের হয়ে আরও ১৩ জন এই মাইলফলক স্পর্শ করেছেন।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন লিটন।

২০১৫ সালের জুনে মিরপুরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছেল লিটন দাসের। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলছেন তিনি।

বাংলাদেশের হয়ে এই ম্যাচের আগে ৯৯ ম্যাচের ৯৮ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ২৭০০ রান করেছেন লিটন। তার ব্যাটিং গড়- ৩০.৩৩ এবং স্ট্রাইক রেট ৮৫.৭৬। পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে ৬৮টি ক্যাচ ও ৫টি স্টাম্পিং করেছেন লিটন দাস।

লিটনের আগে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ খেলেছেন ১৩জন ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম (২৭৪ ম্যাচ), সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ), তামিম ইকবাল (২৪৩ ম্যাচ), মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৯ ম্যাচ), মাশরাফি বিন মর্তুজা (২১৮ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ), আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচ), খালেদ মাসুদ (১২৬ ম্যাচ), মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ), মোস্তাফিজুর রহমান (১১৯ ম্যাচ), মেহেদী হাসান মিরাজ (১১৮ ম্যাচ), হাবিবুল বাশার (১১১ ম্যাচ) এবং রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।



শেয়ার করুন :