‘ক্রীড়া কার্ড’ পেলেন আরও ১৭১ জন ক্রীড়াবিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৯ এপ্রিল ২০২৬
‘ক্রীড়া কার্ড’ পেলেন আরও ১৭১ জন ক্রীড়াবিদ

জাতীয় ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতিস্বরূপ আরও ১৭১ জন ক্রীড়াবিদের হাতে ‘ক্রীড়া কার্ড’ তুলে দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। রবিবার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় দফায় পেশাগত স্বীকৃতির স্মারক হিসেবে ‘ক্রীড়া কার্ড’ দেওয়া হয়।

গত ৩০ মার্চ প্রথম পর্যায়ে ১২৯ জনকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছিল। দুই ধাপে এখন পর্যন্ত মোট ৩০০ জন ক্রীড়াবিদ এই বিশেষ সুবিধার আওতায় আসলেন। সরকার পর্যায়ক্রমে মোট ৫০০ জন জাতীয় ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ক্রীড়াকে একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের মূল উদ্দেশ্য। কার্ডধারী প্রতিটি খেলোয়াড়কে বিশেষ বীমা সুবিধার আওতায় আনা হবে এবং মাঠের পারফরম্যান্স চলাকালীন বা ব্যক্তিগত জীবনে যেকোনো ইনজুরিতে তারা অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা লাভ করবেন।

তিনি আরও বলেন, ‍খেলোয়াড়দের মান ধরে রাখতে প্রতি চার মাস অন্তর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে এবং সেই মূল্যায়নের ভিত্তিতে নিয়মিত তালিকা নবায়নের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি হতে খেলাধুলাকে পাঠ্যক্রমের আবশ্যিক বিষয়ের মতো বাধ্যতামূলক করা হচ্ছে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এখন থেকে সাধারণ বিষয়ের পাশাপাশি খেলাধুলাতেও উত্তীর্ণ হতে হবে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির করতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত ক্রীড়া শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের অভিজ্ঞ সাবেক খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর গ্রহণ করেছে মন্ত্রণালয়।


বিষয়ঃ

শেয়ার করুন :