মোহাম্মদ রফিককে স্পিন বোলিং কোচ নিয়োগ দিলো বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৫ এপ্রিল ২০২৬
মোহাম্মদ রফিককে স্পিন বোলিং কোচ নিয়োগ দিলো বিসিবি

সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিককে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত চতুর্থ বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিসিবি জানায়, বাংলাদেশে স্পিন বোলিংয়ের উন্নয়নে মোহাম্মদ রফিক তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে উদীয়মান ও প্রতিষ্ঠিত উভয় স্পিন বোলারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা স্পিনারদের একজন হিসেবে বিবেচিত রফিক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ১০০ উইকেট শিকারের নজির গড়েন তিনি।

বাংলাদেশের হয়ে ৩৩ টেস্ট, ১২৫ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন রফিক। টেস্টে ১শ, ওয়ানডেতে ১২৫ ও টি-টোয়েন্টিতে ১ উইকেট শিকার করেন তিনি।

ব্যাট হাতে লোয়ার অর্ডারে দ্রুত রান তুলতে পারদর্শী ছিলেন রফিক। টেস্টে ১টি সেঞ্চুরি ও ৪ হাফ-সেঞ্চুরিতে ১০৫৯ রান করেছেন তিনি। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট লুসিয়া টেস্টে নয় নম্বরে নেমে ১১টি চার ও ৩টি ছক্কায় ১৫২ বলে ১১১ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। এছাড়া ওয়ানডেতে ১১৯১ ও টি-টোয়েন্টিতে ১৩ রান করেন রফিক।

জুনিয়র ও সিনিয়র পর্যায়ের ক্রিকেটারদের সাথে সাথে কাজ করবেন ৫৫ বছর বয়সী রফিক। বাংলাদেশের স্পিন বোলিংয়ের উন্নতিতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন তিনি।


বিষয়ঃ

শেয়ার করুন :