নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়-সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। বিদ্যুৎ সাশ্রয়ে সিরিজের সবগুলো ম্যাচ এগিয়ে আনা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের সব ম্যাচ শুরু হবে সকাল ১১টায়। সিরিজের প্রথম দুটি ওয়ানডে ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত হবে। তৃতীয় ও সিরিজের শেষ ওয়ানডে হবে ২৩ এপ্রিল, চট্টগ্রামে।
অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের সব ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। প্রথম দুটি টি-টোয়েন্টি ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবং শেষ ম্যাচটি হবে ১ মে, মিরপুরে।
বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে ম্যাচগুলোর সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। দিনের আলোকে কাজে লাগাতে ওয়ানডে রাখা হয়েছে সকাল ১১টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টায় শুরু করা হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচের সময় এগিয়ে আনার বিষয়ে বুধবার (৮ এপ্রিল) সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল ধারণা দিয়েছিলেন।
বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের তামিম ইকবাল জানান, দেশের বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্তকে সহযোগিতা করতে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো যতটা সম্ভব দিনের আলোতে করা হবে। সেই ধারাবাহিকতায় সিরিজের ম্যাচ শুরুর সময় জানালো বিসিবি।
