আবারও নাটক, নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আবারও নাটক, নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারত

পুরুষ এশিয়া কাপের পর এবার নারী আসরেও চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিলো না ভারত। শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো এশিয়া কাপ জিতলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেননি ভারতীয় নারী ক্রিকেট দল।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শেষে প্রায় ঘণ্টা খানিক সময় অপেক্ষার পর শুরু হয় পুরস্কার বিতরণী। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসসিসি সভাপতি নাকভি রানার্সআপ শ্রীলঙ্কার হাতে প্রাইজমানি তুলে দেন। তবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রাফি তুলে দেওয়ার আগেই শেষ হয়ে যায় অনুষ্ঠান।

জানা গেছে, নিয়ম অনুযায়ী ফাইনালের পর বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবে এসিসি সভাপতি। তবে ভারতীয় দল নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি। বরং এসিসির সহ-সভাপতি খালিদ আল জারুনির হাত থেকে ট্রফি নেওয়ার প্রস্তাব দিয়েছিল তারা। তবে নাকভি সিদ্ধান্তে অনড় ছিলেন।

পুরস্কার বিতরণী মঞ্চে নাকভির সঙ্গে আল জারুনি, শ্রীলঙ্কা ক্রিকেট ট্রান্সফরমেশন কমিটির প্রধান ইরান বিক্রমারত্নে, আমিরাত ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জেনারেল এবং টাইটেল স্পনসর প্রতিষ্ঠানের একজন নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ও সহ-সভাপতি রাজীব শুক্লা পুরস্কার বিতরণীর মঞ্চে ছিলেন না।

এর আগে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বরে দুবাইয়ে ছেলেদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তখনো এসিসি প্রধান হিসেবে পুরস্কার তুলে দিতে মঞ্চে ছিলেন নাকভি। তবে সূর্যকুমার যাদবরা ট্রফি নিতে মঞ্চে যাননি। পরে হাতে কল্পিত ট্রফি নিয়ে তারা উদযাপন করেছে।



শেয়ার করুন :