টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এশিয়ান গেমসের পর জ্যোতি আর এই দায়িত্বে থাকবেন না বলে বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু নিশ্চিত করেছেন।

সংবাদ মাধ্যমকে বাবু বলেন, ‍“বিসিবি সভাপতি এবং আমাকে চিঠি দিয়ে জ্যোতি জানিয়েছেন, এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়তে চান। আমরা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওয়ানডে দলের নেতৃত্ব চালিয়ে যাবেন তিনি। এশিয়ান গেমসের পর আমরা বসে পরবর্তী করণীয় ঠিক করবো।’

২০২১ সালে সব ফরম্যাটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ দলকে বেশি কিছু স্মরণীয় জয় এনে দিয়েছেন জ্যোতি। তবে সম্প্রতি দলের বাজে পারফরমেন্স, বিশেষ করে সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেমি-ফাইনাল থেকে দলের বাদ পড়া জ্যোতির উপর চাপ সৃষ্টি করেছে।

রফিকুল আরও বলেন, “সামনে একটি বড় টুর্নামেন্ট আছে। তাই আমার মনে হয় না, দলের পারফরমেন্স নিয়ে আলোচনার জন্য এটি সঠিক সময়। অতীতে যাই হোক না কেন, আমরা জানি জ্যোতিই দেশ সেরা ব্যাটার। আমি চাই খেলোয়াড়রা মানসিকভাবে চাঙ্গা থাকুক এবং এশিয়ান গেমসে নিজেদের সেরা পারফরমেন্স উজার করে দেবে।”



শেয়ার করুন :