এক বছরের জন্য টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা আক্তার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৮ অক্টোবর ২০২৬
এক বছরের জন্য টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা আক্তার

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) বিসিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্য দিয়ে সম্প্রতি টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হলেন ২৬ বছর বয়সী নাহিদা।

বাংলাদেশের নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি নাহিদা এই সংস্করণে দেশের অন্যতম সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বাংলাদেশের হয়ে ১১৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে বল হাতে শিকার করেছেন ১৩২ উইকেট। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোলারদের মধ্যে এই সংস্করণে উইকেটসংখ্যার হিসাবে নাহিদার অবস্থান পঞ্চম।

এছাড়া বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে ২৪ বছর বয়সী ব্যাটার সোবহানা মোস্তারিকে নিয়োগ দিয়েছে বিসিবি। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ৭২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সোবহানা।

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের হয়ে এক হাজারের বেশি রান করা ব্যাটারদের বিশেষ তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি। নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের পর বাংলাদেশের তৃতীয় নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সোবহানা।

বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি অ্যাসাইনমেন্ট আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি ২০২৬। ১২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



শেয়ার করুন :