চলতি বছরের ৩ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসর। ২০২৬-২৭ ঘরোয়া মৌসুমে চার দিনের প্রথম-শ্রেণির টুর্নামেন্টে আটটি বিভাগীয় দল অংশ নেবে। প্রতিটি রাউন্ডে দেশের বিভিন্ন ভেন্যুতে চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে যুক্ত হয়েছে নতুন এক প্রতীকী আয়োজন। এনসিএল ২০২৬-২৭ মৌসুম সামনে রেখে আট বিভাগীয় দলের অধিনায়কের মাথায় তুলে দেওয়া হয়েছে ‘ব্যাগি ক্যাপ’। সাবেক ক্রিকেটারদের হাত দিয়ে অধিনায়কদের এই ক্যাপ পরিয়ে দেওয়া হয়।
‘ব্যাগি ক্যাপ’ টেস্ট ক্রিকেটের ঐতিহ্যবাহী প্রতীক হিসেবে পরিচিত। ফলে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এমন উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন ক্রিকেটাররা। খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন মনে করেন, ক্যাপের রংয়ের চেয়ে এর সঙ্গে দলের পরিচয় ও আবেগ তৈরি করাটাই বেশি গুরুত্বপূর্ণ।
সূচি অনুযায়ী, এনসিএলের উদ্বোধনী দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। একই দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে সিলেট ও ময়মনসিংহ।
প্রথম রাউন্ডের অন্য ম্যাচগুলোর মধ্যে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনার প্রতিপক্ষ বরিশাল এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী। প্রায় দুই মাসব্যাপী এনসিএল টুর্নামেন্টের শেষ রাউন্ড ১৭ নভেম্বর শুরু হবে। এবারের আসরে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে।
উল্লিখিত চারটি ভেন্যু ছাড়াও মৌসুমের অন্যান্য ম্যাচগুলো রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ড, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
