লাল বলের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধিনে ইতিহাস গড়ে টাইগাররা। তবে এবার ঘরের মাঠে নতুন ইতিহাস গড়তে চান বাংলাদেশের কোচ ফিল সিমন্স।
২০২১/২২ সালে মিরপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশা হয়েছিল বাংলাদেশ। শুধু তাই নয়, ২০২৪ সালের আগে পাকিস্তানের বিপক্ষে খেলা ১৩ টেস্ট ম্যাচে একটিতেও জয় পায়নি টাইগাররা।
২০২৪ সালের পর প্রথমবারের মতো দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়। ৮ মে থেকে মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে বুধবার (৬ মে) সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন টাইগার কোচ ফিল সিমন্স।
এক প্রশ্নের জবাবে সিমন্স বলেন, “২০২১/২২ সিরিজের ইতিহাস এখন অতীত। আমরা নতুন ইতিহাস গড়তে চাই। আগের জয় আমাদের আত্মবিশ্বাস দেয় ঠিকই, কিন্তু শুক্রবার (৯ মে) থেকে শুরু হতে যাওয়া ম্যাচটি সম্পূর্ণ নতুন। আমরা এখন পাকিস্তানে নয়, বাংলাদেশে খেলছি; তাই পেছনের কথা ভুলে মাঠের খেলায় মনোযোগ দিতে হবে।”
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার আগে সদ্যই নিউ জিল্যান্ডের বিপক্ষে সাদা বলের দুটি সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। তবে ফরম্যাট পরিবর্তন নিয়ে চিন্তিত নন টাইগার কোচ।
দলের প্রস্তুতি নিয়ে সিমন্স বলেন, “সাদা বলের ক্রিকেট থেকে লাল বলে মানিয়ে নেওয়াটা মূলত মানসিক ব্যাপার। তবে আমাদের অনেক খেলোয়াড় গত কয়েক মাস ধরে লাল বল নিয়ে কাজ করছেন। তাই এই পরিবর্তনটা খুব একটা কঠিন হবে না।”
দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহীমকে নিয়ে বলেন, “মুশফিক শততম টেস্ট খেলছেন, যা তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আমি তাকে যতটুকু চিনেছি, তার কাছে প্রথম টেস্ট, ৫০তম বা ১০০তম টেস্ট -সবই সমান। সে তার প্রস্তুতির ধরনে বিশ্বাসী এবং ১০১তম টেস্টকেও অন্যগুলোর মতোই গুরুত্ব দিয়ে দেখবে।”
