বাংলাদেশের করা ৪১৩ রানের বিপরীতে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৭৯ রান তুলে দিনের খেলা শেষ করলো পাকিস্তান। বাংলাদেশকে গুটিয়ে দিয়ে ৪৬ ওভার ব্যাট করেছে সফরকারীরা।
দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেট হাতে নিয়ে ২৩৪ রান পিছিয়ে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ব্যাট হাতে ওপেনার আজান আওয়াইস ৮৫ এবং আবদুল্লাহ ফজল ৩৭ রানে অপরাজিত রয়েছেন।
একমাত্র উইকেট ওপেনার ইমাম উল হক আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। ৪৫ রানের ইনিংসে ৬টি চারের মার মেরেছিলেন পাকিস্তানের ব্যাটার।
মিরপুর টেস্টে টস হেরে প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রান করেছিল বাংলাদেশ। দলের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১ এবং মুমিনুল হক ৯১ রান করেছিলেন।
মুশফিকুর রহীম ৪৮ ও লিটন দাস ব্যক্তিগত ৮ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং করতে নেমেছিল। মুশফিক ৭১ রানের ইনিংস খেললেও বড় ইনিংস খেলতে পারেননি লিটন দাস। ব্যক্তিগত ৩৩ রানে সাজঘরে ফিরেন এই টি-টোয়েন্টি অধিনায়ক।
এছাড়া মেহেদি হাসান মিরাজ ১০, তাইজুল ইসলাম ১৭ এবং শেষ দিয়ে তাসকিন আহমেদ ২৮ রানের ক্যামিও ইনিংসে ৪১৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ৪ রানে অপরাজিত ছিলেন টাইগার পেসার নাহিদ রানা।
পাকিস্তানের পক্ষে বল হাতে পেসার মোহাম্মদ আব্বাস ৯২ রানে ৫ উইকেট শিকার করেন।
