বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা ও সিলেটে খেলবে টেস্ট সিরিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৮ পিএম, ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা ও সিলেটে খেলবে টেস্ট সিরিজ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি অক্টোবরেই বাংলাদেশের আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট ঢাকায় শুরু হবে ২৮ অক্টোবর এবং দ্বিতীয় টেস্ট সিলেটে মাঠে গড়াবে ৫ নভেম্বর। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মোট ২৩ দিন বাংলাদেশের অবস্থান করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিরিজের পূর্ণাঙ্গ সূচি জানানো হয়।

সূচি অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৮ অক্টোবর ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এরপর ১৯, ২০ এবং ২১ অক্টোবর মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করবে উইন্ডিজরা।

এরপর ২২, ২৩, ২৪ তারিখ তিন বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৮ অক্টোবর টেস্ট ম্যাচের আগে ২৫ অক্টোরব বিশ্রাম এবং ২৬ এবং ২৭ অক্টোবর অনুশীলন করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

মিরপুরে টেস্ট শেষে ২ নভেম্বর সিলেট যাবে দুই দল। সেখানে ৩ ও ৪ নভেম্বর অনুশীলন শেষে ৫ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ঢাকায় ১৮ অক্টোবর থেকে অনুশীলনন শুরু করলেও বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের অনুশীলন শুরু করবে ২০ অক্টোবর।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল বর্তমানে আবুধাবীতে অফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলছে। সেখানে থেকে ফিরে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ টেস্ট দল।



শেয়ার করুন :