এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তবে ওপেনিংয়ে দুর্দান্ত জুটির পর ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসেছিল টাইগাররা। শেষ দিকে নুরুল হাসান এবং রিশাদের ব্যাটে জয় তুলে নেয় বাংলাদেশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) শারজায় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫১ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি করে উইকেট শিকার করেন তানজিদ হাসান সাকিব এবং রিশাদ হোসেন।
জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের জোড়া ফিফটিতে ওপেনিং জুটি থেকে ১০৯ রান পায় বাংলাদেশ। তানজিদ ৫১ এবং ইমন ৫৪ রান করেন। তবে এরপরেই ঘটে নাটকীয় ঘটনা।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশ ১০৯ রানের দুর্দান্ত সূচনা করেছিল। তবে আফগান অধিনায়ক রশিদ খানের বোলিং তোপে হঠাৎ করেই ছন্দপতন হয়। রশিদ প্রথম ওভারে তামিম ও সাইফ হাসানের (০) উইকেট তুলে নেন।
নিজের পরবর্তী ওভারে জাকের আলি (৬) ও শামিম হাসানকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেললে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১৮। অর্থাৎ, দলীয় ৯ রানের মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ।
আসা-যাওয়ার মিছিলে বাংলাদেশের লক্ষ্য তাড়া করাই তখন কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের ১৩ বলে অপরাজিত ২৩ রানের সুবাদে বাংলাদেশ জয় নিশ্চিত করে। সোহানকে সহযোগিতা করেছেন রিশাদ হোসেন। ৯ বলে ১৪ রানে রিশাদ অপরাজিত ছিলেন।
রশিদ খান ২১ রানে নিয়েছেন ৪ উইকেট।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং থেকে বাংলাদেশের বোলারদের তোপে আফগানিস্তানের ইনিংস সমৃদ্ধ হয়নি। পেসার তানজিম হাসান সাকিব ও লেগ স্পিনার রিশাদ হোসেন ২টি করে উইকেট দখল করেন। অন্যদিকে মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তান খুব বেশিদূর যেতে পারেনি।
রহমানুল্লাহ গুরবাজ ৩১ বলে দুটি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সহায়াতায় সর্বোচ্চ ৪০ রান সংগ্রহ করেছেন। অভিজ্ঞ মোহাম্মদ নবী এক বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারিতে ২৫ বলে করেছেন ৩৮ রান।
১০০ রান পার করার আগেই আফগানদের ৬ উইকেটে পতন ঘটায় বাংলাদেশ। গুরবাজ একপ্রান্ত আঁকড়ে ধরে স্কোর বড় করার চেষ্টা করেছেন। গুরবাজ সাজঘরে ফিরলে নবী দলের হাল ধরেন। শেষের দিকে শারাফুদ্দিন আশরাফের ১২ বলে অপরাজিত ১৭ রানে আফগানিস্তানের রান কিছুটা সমৃদ্ধ হয়েছে।
