বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ পিএম, ০১ ডিসেম্বর ২০২৫
বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ জয়ে সমতা বিরাজ করায় বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার শেষ টি-টোয়েন্টিটি সিরিজ নির্ধারণী হিসেবে পরিণত হয়েছে। এ ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি খেলতে নেমেই হোচট খায় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে যায় টাইগাররা। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নেয় টাইগাররা। ৪ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় লিটন দাসের দল। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজের শেষটাও রাঙাতে চায় বাংলাদেশ।

চলতি বছরে এটাই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচ ও সিরিজ জিতে বছর শেষ করতে মুখিয়ে আছে লিটন-হৃদয়রা। যেখানে এখন পর্যন্ত দশবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে বাংলাদেশের জয় ৬টি ও হার ৩টি, বাকি ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

অন্যদিকে, তৃতীয় ও শেষ ম্যাচ জিততে পারলে বাংলাদেশের বিপক্ষে যেকোন ফরম্যাটে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ নেবে আয়ারল্যান্ড।

বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

আয়ারল্যান্ড দল
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।



শেয়ার করুন :