টি-টোয়েন্টি সিরিজ খেলতে মার্চে নেপাল যাবে বাংলাদেশ, সফরসূচি চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬
টি-টোয়েন্টি সিরিজ খেলতে মার্চে নেপাল যাবে বাংলাদেশ, সফরসূচি চূড়ান্ত

২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ জাতীয় দল। নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় প্রাণ হারানোদের স্মৃতির উদ্দেশ্যে সিরিজটি উৎসর্গ করা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়, নেপালের কাঠমান্ডুতে ২০২৭ সালের ২৬, ২৮ ও ৩০ মার্চ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি উৎসর্গ করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে বিসিবি। দুই দেশের ক্রিকেটের মাধ্যমে শোকের সময়ে বন্ধুত্ব ও সংহতির বার্তা দেওয়ার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ও নেপালের এই সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির বৈঠকের মাধ্যমে। সেখানে নেপালে ক্রিকেট সিরিজ খেলার আমন্ত্রণ জানান নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

বিষয়পিট নিয়ে আজ বুধবার (১৬ সেড্টেম্বর) বিসিবি কার্যালয়ে সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ দলের নেপাল সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিসিবি জানিয়েছে, নেপালের ক্রিকেট উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ। দুই দেশের মধ্যে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে সহযোগিতার সুযোগ রয়েছে।

মার্চের তিন ম্যাচের সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের ক্রিকেট সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি দুই দেশের খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



শেয়ার করুন :