ফুটবল মাঠে একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী দল। তারই ধারাবাহিকতায় এবার ফিফা নারী র্যাংকিংয়ে নজিরবিহীন সাফল্য পেল বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদ র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে আফাঈদা-ঋতুপর্ণারা।
বৃহস্পতিবার (০৭ আগষ্ট) সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছে ফিফা। প্রকাশিত র্যাংকিং অনুযায়ী ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ নারী দলের বর্তমান অবস্থান ১০৪ নম্বরে। ১২৮ থেকে এলাফে ২৪ ধাপ উপরে উঠে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
১২ জুন প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১২৮তম। হালনাগাদ র্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বাংলাদেশের। নতুন র্যাংকিংয়ে বাংলাদেশ পেয়েছে সর্বোচ্চ +৮০.৫১ পয়েন্ট। বাংলাদেশের এমন উন্নতিতে ফিফাও আলাদাভাবে জানিয়েছে, এবারের হালনাগাদ র্যাংকিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ।
দেশের নারী ফুটবলের ইতিহাসে ফিফা র্যাংকিংয়ে এর আগে ১০০তম স্থানে উঠেছিল বাংলাদেশ। ২০১৩ ও ২০১৭ সালে (১৫ ডিসেম্বর) দুবার ঠিক এই অবস্থানে উঠে বাংলাদেশের মেয়েরা। তবে সেখান থেকে আবারও পিছিয়ে পড়েছিল বাংলাদেশ নারী দল।
এদিকে, ২০২৬ সালের এশিয়ান কাপে প্রতিযোগীতা করা ১২টি দলের মধ্যে র্যাংকিংয়ে সবার নিচে বাংলাদেশ। ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠলেও এখনও র্যাংকিংয়ে এশিয়া কাপ খেলা সবার নিচেই রয়েছে আফঈদা-ঋতুপর্ণারা।
নারী ফুটবলে র্যাংকিংয়ে শীর্ষস্থানেও পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রকে দুই নম্বরে সরিয়ে দিয়ে শীর্ষে উঠেছে ইউরো রানার্সআপ স্পেন। তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছে সুইডেন। এছাড়া চার নম্বরে ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং পাঁচে নেমে গেছে জার্মানি।
