ভারতের কাছে হোঁচট খেল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০১ পিএম, ২২ আগস্ট ২০২৫
ভারতের কাছে হোঁচট খেল বাংলাদেশ

ছবি: বাফুফে

চার জাতির সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। ভুটানে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। জয় দিয়ে আসর শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারলো বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালকে ৭-০ গোলে হারিয়েছে ভারত।

টানা দ্বিতীয় জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। সমান সংখ্যক ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বাংলাদেশ। অন্যদিকে, ১টি করে ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি টুর্নামেন্টের অপর দুই দল ভুটান ও নেপাল।

শুক্রবার (২২ আগস্ট) ভারতের বিপক্ষে ম্যাচের শুরু থেকে বল দখলে রাখার চেষ্টা করে বাংলাদেশ। তবে ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো পাস থেকে বল পেয়ে গোল করে ভারতকে লিড এনে দেন পার্ল ফার্নান্দেজ। প্রথমার্ধে ফার্নান্দেজের গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় গোল আদায় করে নেয় ভারত। ৭৬তম মিনিটে বনফিলিয়া শুল্লাইয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত ওই স্কোর ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতের মেয়েরা।



শেয়ার করুন :