নারী ফুটবলের নতুন সঙ্গী ‘ইনফিনিক্স’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৪ নভেম্বর ২০২৫
নারী ফুটবলের নতুন সঙ্গী ‘ইনফিনিক্স’

প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। ‘মিশন অস্ট্রেলিয়া’র প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের জন্য পৃষ্ঠপোষক হিসেবে চাইনিজ মোবাইল কোম্পানি ‘ইনফিনিক্সি’কে সাথে পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবলে হামজা চৌধুরী-শমিত সোমরা যোগ দেওয়ার পর পাল্টে গেছে দেশের ফুটবল হাওয়া। মেয়েরা আগে থেকেই ভালো খেলে আসলেও স্পন্সরদের তেমন সাড়া ছিল না। এবার নারী ফুটবলেও এগিয়ে আসলো বিদেশি কোম্পানি।

ইনফিনিক্সি-এর সাথে আনুষ্ঠানিক চুক্তি শেষে আয়োজতি সংবাদ সম্মেলনে বাফুফে সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, আমাদের মিশন অস্ট্রেলিয়ার পার্টনার ইনফিনিক্স। তাদের সঙ্গে চুক্তি এপ্রিল পর্যন্ত। অস্ট্রেলিয়া এশিয়া কাপ পর্যন্ত তারা আমাদের নানা ধরনের সাপোর্ট দেবে।

ইনফিনিক্স-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর চিয়ান টমি বলেন, বাংলাদেশ নারী ফুটবলে এগিয়ে যাচ্ছে। আমরা এর সঙ্গী হতে পেরে আনন্দিত। ব্যক্তিগতভাবে আমি ফুটবল পছন্দ করি, নিজেও খেলেছি ছোট বেলায়।

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাফুফে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। মিশন অস্ট্রেয়িলা প্রায় ৪ কোটি টাকা সম্ভাব্য ব্যয়ের মধ্যে প্রায় ৫০ শতাংশ ইনফিনিক্সের মাধ্যমে পাওয়ার প্রত্যাশা করছে বাফুফে।

অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বলেন, সামনে আমাদের অনেক প্রোগ্রাম রয়েছে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে যারা খেলবেন, তাদের অনেকে আবার সাফ ক্লাব কাপে খেলবেন। আবার অনেকে ঘরোয়া লিগেও খেলবেন। আমরা নারী ফুটবলারদের অনুশীলনের পাশাপাশি টুর্নামেন্ট/ম্যাচ খেলার অভিজ্ঞতাও দেয়ার চেষ্টা করছি কারণ বেশি অনুশীলনে ক্লান্তি চলে আসে।

১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারী এশিয়া কাপ। পরের মাসের এক তারিখে থাইল্যান্ডে অ-২০ এশিয়া কাপেও প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নেবে।



শেয়ার করুন :