ঢাকায় আসছে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল ক্লাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ এএম, ০২ ডিসেম্বর ২০২৫
ঢাকায় আসছে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল ক্লাব

অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের ফুটবলপ্রেমীদের জন্য আসছে এক বিশাল উৎসবের উপলক্ষ্য -লাতিন বাংলা সুপার কাপ। ব্রাজিল, আর্জেন্টিনা এবং স্বাগতিক বাংলাদেশকে নিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ৫ ডিসেম্বর সাও বার্নার্দো বনাম ফিউচার স্টার বাংলাদেশ, ৮ ডিসেম্বর অ্যাথলেটিকো চার্লোন বনাম ফিউচার স্টার বাংলাদেশ ও ১১ ডিসেম্বর ব্রাজিলের সাও বার্নার্দো বনাম আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোনের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে।

লাতিন বাংলা সুপার কাপের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি -ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক সাবেক তারকা কাফু এবং আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড ম্যারাডোনা সতীর্থ ক্যানিজিয়া। তারা দু’জনই টুর্নামেন্টের শেষ দিন, ১১ ডিসেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।

সোমবার জাতীয় স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি দলকে সাথে নিয়ে স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “টিকিট কেটে খেলা দেখতে আসা গ্যালারির দর্শকদের মধ্যে থেকে প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জনকে নির্বাচন করা হবে। শেষ দিন কাফু এবং ক্যানিজিয়া যখন মাঠে আসবেন, সেই দিন সেই সব দর্শকরা কাফু এবং ক্যানিজিয়ার সাথে দেখা করার এবং ছবি তোলার সুযোগ পাবেন।”

ফুটবলের পাশাপাশি দর্শকদের বাড়তি আনন্দ দিতে থাকবে বিশেষ সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি নগর বাউল জেমস এই আয়োজনে চমক হিসেবে থাকার কথা রয়েছে।

এমডি আসাদুজ্জামান জানান, সবকিছু ঠিক থাকলে স্টেডিয়ামে বিকেল চারটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেমস গান করবেন। দর্শকরা যেন খেলার আগে মনমরা না হন, সে জন্য জেমসকে আনার ব্যবস্থা করা হচ্ছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ঢাকায় পা রাখবে ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব এবং পরদিন বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় আসবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাব।



শেয়ার করুন :