স্প্যানিশ সুপার কাপের ক্লাসিকো ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা। রোববার সৌদি আরবে অনুষ্ঠিত ফাইনালে কাতালানদের হয়ে রাফিনিয়া জোড়া গোল করেছেন, গোলে নাম লিখিয়েছেন পোলিশ তারকা রবার্ট লেভানডোস্কি।
রাফিনিয়ার গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত এক গোল করে রিয়ালকে সমতায় ফেরান। এতে জেদ্দায় প্রথমার্ধের শেষভাগে উত্তেজনাপূর্ণ লড়াই জমে উঠে।
লেভানডোস্কির চিপ শটে আবারও এগিয়ে যায় বার্সা। কিন্তু প্রথমার্ধেও যোগ করা সময়ের শেষভাগে গঞ্জালো গার্সিয়া গোল করে বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন সমান করেন।
ম্যাচের ৭৩তম মিনিটে রাফিনিয়ার শট ডিফ্লেক্ট হয়ে জালে জড়ালে ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়। এতে করে হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা জিতে নেয় চতুর্থ শিরোপা।
জুনে দায়িত্ব নেওয়া আলোনসো এখনও রিয়ালের হয়ে প্রথম শিরোপার অপেক্ষায় রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের টানা পাঁচ ম্যাচের জয়ের ধারা এই পরাজয়ে শেষ হলো, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে।
ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবপ্পেকে ফাউলের কারণে ফ্রেঙ্কি ডি জং লাল কার্ড পেয়ে মাঠছাড়া হলেও জাবি আলোনসোর রিয়াল বার্সেলোনার ১৬তম সুপার কাপ শিরোপার পথে বাঁধা হতে পারেনি।
হাঁটুর ইনজুরির কারণে এমবাপ্পে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। এই হার রিয়াল কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে সাম্প্রতিক শঙ্কাগুলোকে আবারো উসকে দিতে পারে।
