সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপে ভারতকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল লাল সবুজের প্রতিনিধিরা।
নেপালের পোখরা রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচের ২৯তম মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাসের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আলপি আক্তার।
বিরতির পরও বাংলাদেশের আধিপত্য বজায় ছিল। ভারত বেশ কয়েকটি আক্রমণ করেও ম্যাচে ফিরে আসতে পারেনি।
আসরের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছিল পিটার বাটলারের শিষ্যরা। অন্যদিকে, দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আর নেপাল ও ভুটান উভয় দলই তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে।
বুধবার একই ভেন্যুতে বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচে নেপালের মুখোমুখি হবে। আসরে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান অংশ নিয়েছে। প্রতিটি দল একে অপরের সাথে লড়াই করে পয়েন্ট তালিকায় থাকা শীর্ষ দুই দল ফাইনালে মোকাবেলা করবে। ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
