ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতিতে পশ্চিম অঞ্চলে সকল ম্যাচ স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তবে পূর্ব অঞ্চলের এএফসির ক্লাব প্রতিযোগিতায় ম্যাচগুলো পূর্বের সময়-সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
রবিবার (১ মার্চ) এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হচ্ছে।
এএফসি জানায়, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতিতে পশ্চিম অঞ্চলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট ২০২৫-২৬ রাউন্ড অব ১৬ এর প্রথম লেগের ম্যাচগুলোর জন্য নতুন করে তারিখ নির্ধারণ করা হবে, যা ২-২ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এছাড়া, পশ্চিম অঞ্চলের দলগুলোকে নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ২০২৫-২৬ এবং এএফসি চ্যালেঞ্জ লিগ ২০২৫-২৬ কোয়ার্টার-ফাইনাল প্রথম লেগের ম্যাচগুলো পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। ম্যাচগুলো ৩ থেকে ৪ মার্চ অনুষ্ঠিত হতো।
তবে পূর্ব অঞ্চলের ক্লাবগুলোকে নিয়ে এএফসির সমস্ত ক্লাব প্রতিযোগিতার ম্যাচগুলো মূল সময়-সূচি অনুযায়ী চলবে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি এএফসি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সমস্ত খেলোয়াড়, দল, কর্মকর্তা এবং ভক্তদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের জন্য এএফসি দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এদিকে, আজ রবিবার (১ মার্চ) থেকে অস্ট্রেলিয়ায় মাঠে গড়াচ্ছে নারীদের এশিয়া কাপ ফুটবল। টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। আসরের তৃতীয় দিন (৩ মার্চ) চায়নার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
