হামজা-জামালদের কোচ বাছাইয়ের সংক্ষিপ্ত তালিকায় ১০ জন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০৪ মে ২০২৬
হামজা-জামালদের কোচ বাছাইয়ের সংক্ষিপ্ত তালিকায় ১০ জন

স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সাথে চার বছরের চুক্তি শেষে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আবেদন পাওয়াদের থেকে সংক্ষিপ্ত তালিকায় ১০ জনকে বাছাই করেছে বাফুফে। সেখান থেকে তিন দিনের মধ্যে একজনকে চূড়ান্ত করা হবে।

সোমবার (৪ মে) জাতীয় দল কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকেদের ব্রিফ করেন।

তিনি বলেন, ‍“বিভিন্ন দেশের থেকে প্রচুর পরিমাণে কোচের সিভি পড়েছিল। সেই প্রেক্ষিতে লিস্টে সর্বশেষ ১২৩ ছিল। সেখান থেকে শর্ট করে করে একটি পর্যায়ে ৭৫, তারপর ৫৫ এবং সর্বশেষ শর্ট লিস্টে ১০ জনকে সিলেক্ট করা হয়েছে।”

আমিরুল ইসলাম বাবু বলেন, “১০ জন থেকে আগামী তিন দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেকশন করবো, সেটা কনফার্ম করে ফেলবো।১০ জনের সঙ্গে আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা একজনকে ফাইনাল করবো। এটা হচ্ছে আমাদের আজকের মিটিংয়ের মূল সারাংশ।”

তিনি আরও বলেন, “ আপনারা জানেন জাতীয় দল জুন মাসে দুটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। মালদ্বীপে চার জাতি একটি টুর্নামেন্ট হবে।মালদ্বীপ ছাড়াও আফগানিস্তান এবং পাকিস্তান থাকবে। এছাড়া সান ম্যারিনোতে আরেকটি খেলা রয়েছে একই সময়ে। যার জন্য আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি ভাগে বিভক্ত হবে।”

তিনি বলেন, “আমাদের যে খেলোয়াড়রা রয়েছেন, তাদেরকে দিয়ে প্রয়োজনে আরও কিছু খেলোয়াড় যুক্ত করে সমানভাবে দুটা দল করা হবে।দুটা দল করে একটা দলকে আমরা সান ম্যারিনোতে পাঠাবো এবং আরেকটা দলকে আমরা মালদ্বীপে পাঠাবো।”



শেয়ার করুন :