দেশের ঘরোয়া ফুটবলের শীর্ষ আসর ফেডারেশন কাপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বসুন্ধরা কিংস। ২০২৫-২৬ আসরের ফাইনালে মোহামেডানকে হারিয়ে টানা তৃতীয় শিরোপা ঘরে তুললো বসুন্ধরা কিংস।
বুধবার (২০ মে) নিজেদের মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে বসুন্ধরা কিংস।
ম্যাচে দুইবার এগিয়ে যাওয়া মোহামেডান একটি পেনাল্টিও মিস করেছে। শেস পর্যন্ত সেটারই খেসারত দিতে হলো। বিপরীতে বার বার পিছিয়ে পড়েও জয় তুলে নেয় কিংস।
ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের এটি হ্যাটট্রিক এবং প্রতিযোগিতায় পঞ্চম শিরোপা। যার মধ্যে মোহামেডানের সাথে ফাইনাল লড়াইয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করলো তারা।
মোহামেডানের সামনে আবাহনীর রেকর্ড ১২তম শিরোপা ছোঁয়ার সিুযোগ ছিল। তবে সর্বশেষ ২০২২-২৩ মৌসুমে ট্রফি জয় করা মোহামেডানের অপেক্ষা আরও বাড়লো।
কিংস অ্যারেনাঢ ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মোহামেডান। ৫ম মিনিটে ফ্রি-কিক থেকে মোহামেডানকে গোল এনে দেন উজবেক মিডফিল্ডার মোজাফফরভ।
তবে ১-০ তে পিছিয়ে পড়ে সমতা ফেরাতে সময় নেয়নি কিংস। ৮ম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজ।
সমতায় চলা ম্যাচে ২৩তম মিনিটে পেনাল্টি পেয়েও গোল পায়নি মোহামেডান। মোজাফফরভের করা শট ডান দিকে ঝাপিয়ে পড়ে দারুণভাবে রুখে দেন কিংসের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।
আক্রমণ-পাল্টা আক্রমণে চলা ম্যাচে ৩৫তম মিনিটে আবারও এগিয়ে যায় মোহামেডান। ডান দিক থেকে বক্সে আসা বল থেকে গোল করেন সৌরভ। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।
বিরতি থেকে ফিরে আক্রমণ বাড়িয়ে তোলে কিংস। সেটার ফলও পায় তারা। ম্যাচের ৫০তম মিনিটে থ্রু থেকে বল পেয়ে দরিয়েলতন গোল করে দলকে ২-২ সমতায় ফেরান।
ম্যাচের ৭৫তম মিনিটে তৃতীয় গোল করে কিংস। এই গোলটিও আসে দরিয়েলতনের পা থেকে। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
