বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৬ পিএম, ০১ জুন ২০২৬
বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

বিশ্বকাপের আগে ঘরের মাঠের শেষ প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সম্পূর্ণ অপ্রতিরোধ্য ছিল ব্রাজিল, ম্যাচটিতে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছে দলটি।

ম্যাচের প্রথম মিনিটেই ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলকে এগিয়ে দেন। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর পাসে ভিনি প্রায় ২৫ গজ দূর থেকে শক্তিশালী শটে বল জালে পাঠান। তবে ১৪তম মিনিটে পানামা অপ্রত্যাশিতভাবে সমতা ফেরায়।

মিশেল মুরিলোর ফ্রি-কিক মাথিয়াস কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক এ্যালিসনকে পরাস্ত করে জালে জড়ায়। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ছয় মিনিট আগে আবারও ভিনিসিয়াস ও ক্যাসেমিরোর যুগলবন্দিতে এগিয়ে যায় ব্রাজিল। বাম দিক দিয়ে ঢুকে ভিনিসিয়াসের নেওয়া শট ক্যাসেমিরোর হেডে জালে জড়ায়।

বিরতির সময় ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বড় ধরনের পরিবর্তন আনেন। লিও পেরেইরা ছাড়া পুরো শুরুর একাদশকেই বদলে দেন তিনি।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই নতুন একাদশ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দ্রুত তিনটি গোল আদায় করে ব্যবধান ৫-১ এ নিয়ে যায়। ৫৩তম মিনিটে ১৯ বছর বয়সী রায়ান স্কোরলাইন ৩-১ করেন। বোর্নমাউথের এই তরুণ প্রতিভা পানামার গোলরক্ষক ওরলান্ডো মসকুয়েরার ভুল পাস কেড়ে নিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান।

ম্যাচের ৬০তম মিনিটে লুকাস পাকুয়েটার দূরপাল্লার শটে ব্রাজিলের চতুর্থ গোল করেন। তিন মিনিট পর পেনাল্টি থেকে ইগর থিয়াগো পঞ্চম গোলটি যোগ করেন।

এরপর ৮১তম মিনিটে ডানিলো ব্রাজিলের ষষ্ঠ গোলটি করেন। বোটাফোগোর এই খেলোয়াড় পাকুয়েটার ভাসানো পাস নিয়ন্ত্রণে নিয়ে পানামার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে নিখুঁত ফিনিশ করেন। শেষ দিকে কার্লোস হার্ভে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত শটে পানামার হয়ে একটি সান্তনাসূচক গোল করেন।


বিষয়ঃ

শেয়ার করুন :