ঢাকায় ব্রাজিলের বিপক্ষে ফুটবল ম্যাচ আয়োজনে সরকার কোনো অর্থ ব্যয়ের মানসিকতায় নেই বলে জানিয়েন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে ব্রাজিলের বিপক্ষে খেলা বড় অ্যাচিভমেন্ট হলেও দেশের ফুটবল কতটুকু এগোবে -বিষয়টি নিয়েও সন্দীহান তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এমন মন্তব্য করেন।
ব্রাজিল সফরের খরচ বহন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, “এক কথায় উত্তর দিলে এই মুহূর্তে আমরা সরকারে পক্ষ থেকে... এ ধরনের অর্থ ব্যয় করে... যেহেতু আপনারা জানেন...বিদ্যুৎ-জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সে ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষে ধরনের ব্যয় করার মতো মানসিকতা আমাদের ভেতরে নেই।”
সরকার খরচ বহনের মানসিকতায় না থাকলে অন্য সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন আমিনুল হক। বলেন, “বাফুফের সঙ্গে যেহেতু কথা হয়েছে (ব্রাজিল প্রতিনিধি দলের), তারা যদি বিভিন্ন স্পনসর ব্যবস্থা করতে পারে, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো।”
ব্রাজিলের সাথে বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ হলে দেশের ফুটবলের কতটুকু উন্নতি হবে এমন প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, “আমরা যেটা বিশ্বাস করি, ব্রাজিল টিম যদি বাংলাদেশে আসে, এসে যদি আবার বাংলাদেশ টিমের সঙ্গে খেলে, তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। তবে বাংলাদেশের ফুটবল কতটুকু এগোবে -এটা নিয়ে আমি খুব বেশি আশাবাদী নই।”
কারণ হিসেবে তিনি বলেন, “কারণ, ম্যাচ হবে, বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে খেলবে, মানুষের যে প্রত্যাশা...সেটা হয়তোবা পূরণ হবে। দর্শকরা হয়তোবা আনন্দিত হবেন, তবে ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে -এ বিষয়ের সঙ্গে আমি একমত নই।”
ব্রাজিল দলের বাংলাদেশ সফরটি এখনো চূড়ান্ত নয়। দেশটির একটি প্রতিনিধি দল জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে আশার আগ্রহ প্রকাশ করেছে। তবে সবকিছু ঠিক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ-ব্রাজিল ফুটবল ম্যাচ।
