দেশের জন্য ও দলের জন্য এক নিষ্ঠুর নিবেদন মা হারানো শিউলী আজিমের

মোশারফ হোসাইন মোশারফ হোসাইন প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০৩ জুন ২০২৬
দেশের জন্য ও দলের জন্য এক নিষ্ঠুর নিবেদন মা হারানো  শিউলী আজিমের

সেমি-ফাইনাল ম্যাচের আগের দিন, ভারতে অবস্থানরত শিউলী আজিম জানতে পারেন যে, তার মা আর বেঁচে নেই। ভোরে অনুশীলনের আগে তিনি এই খবরটি পান।

শিউলী আজিম তো বটেই, স্বাভাবিকভাবেই দলের সবাই একটি কঠিন সময় পার করেছেন। বিশেষ করে মায়ের মৃত্যুর খবর জানা, মাকে শেষবারের মতো দেখতে না পারা -এগুলো শিউলী আজিমের মনকে কতটা পুড়িয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

যারা অনেক সময় খেলোয়াড়দের দেশের প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন তোলেন, তারা কি শিউলী আজিমের এই নিষ্ঠুর নিবেদন দেখেছেন?

সেমি-ফাইনালে আজ নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচের আগে জাতীয় সংগীতের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। মা হারানোর শোক বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে শিউলী আজিমকে।

যেখানে দেশমাতৃকা ও জন্মদাত্রী মা—দুটি শব্দ যেন এক বন্ধন, এক অনুভূতি। কাকে রেখে কাকে দেখবেন, সেই টানাপোড়েন হয়তো শিউলী আজিমকে ভীষণভাবে পুড়িয়েছে। বিশেষ করে জাতীয় সংগীতের সেই লাইন যখন বেজে ওঠে—

মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো”—তখন নিজেকে ধরে রাখা যে কতটা কঠিন, তা সহজেই অনুমেয়। শিউলী আজিমকে দেখা গেছে কান্নায় ভেঙে পড়তে।

সদ্য মা হারানো শিউলী আজিমের এটি দেশের জন্য, দলের জন্য এক নিষ্ঠুর নিবেদন।

শিউলী আজিম, আপনার প্রতি শুধু সমবেদনাই নয়, গভীর শ্রদ্ধাও রইল। দেশমাতৃকার জন্য আপনার এই ত্যাগ সত্যিই অনন্য।



শেয়ার করুন :