সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা তৃতীয়বারের মতো ফাইনালে পা রাখলো বাংলাদেশ। সেমি-ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের মঞ্চে পা রেখেছে পিটার বাটলারের শিষ্যরা। দলকে ফাইনালে তোলার ম্যাচে ঋতুপর্ণা চাকমা এবং সাগরিকা একটি করে গোল করেন।
বাংলাদেশের জয়ের প্রথম কাজটা করেন ঋতুপর্ণা চাকমা। বিরতির ঠিক আগে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত এক মুহূর্ত বদলে দেয় ম্যাচের চিত্র। কর্নার কিক থেকে তার অবিশ্বাস্য শটে সরাসরি বল জালে জড়ায়।
ফলে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। এর আগে ম্যাচের ২৩তম মিনিটে দীপা শাহির কর্নার থেকে পাওয়া বলে গীতা রানি সফল ফিনিশিংয়ে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল নেপাল।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। নেপাল একবার সুযোগ নষ্ট করে তো একবার বাংলাদেশ। তবে নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত ছয় মিটিন সময়ের তৃতীয় মিনিটের আসে কাক্ষিত গোল।
ডান দিক থেকে শামসুন্নাহার জুনিয়রের নিখুঁত পাস পেয়ে নেপালের জালে বল পাঠিয়ে দেন সাগরিকা। শেষ মুহূর্তে গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। যেখানে আগের দুই শিরোপাও নেপালকে হারিয়ে জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল।
