ফুটবল বিশ্বকাপে দর্শকদের জন্য শেষ মুহূর্তে নীতিমালায় পরিবর্তন আনলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। নতুন নিয়মে বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে দর্শকরা পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না। সমর্থকদের স্টেডিয়ামের ভেতর থেকে বোতলজাত পানি কিনতে হবে।
গত মাস পর্যন্ত ফিফার আনুষ্ঠানিক স্টেডিয়াম আচরণবিধিতে উল্লেখ ছিল যে, ‘খালি, স্বচ্ছ ও পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল, যার ধারণক্ষমতা সর্বোচ্চ ১ লিটার, স্টেডিয়ামে আনা যাবে।’ তবে সেই নির্দেশিকা সংশোধন করে পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধ করা হয়েছে।
হালনাগাদ আচরণবিধিতে বলা হয়, ‘পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা যাবে না।’ এএফপিকে ফিফার একজন মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, বিশ্বকাপের কয়েকটি ভেন্যুতে আগে থেকেই রিফিলযোগ্য বোতল নিষিদ্ধ ছিল। বিবৃতিতে বলা হয়, “ফিফা সকল খেলোয়াড়, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। খেলোয়াড় ও দর্শকদের আঘাতের ঝুঁকি কমাতে বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ফিফা জানিয়েছে, স্টেডিয়াম এলাকায় কুয়াশা-স্প্রে স্টেশন, পাখা, পানি সরবরাহ কেন্দ্র এবং শীতলায়ন তাঁবুর ব্যবস্থা থাকবে। এছাড়া ভেন্যুর ভেতরে বিক্রি হওয়া বোতলজাত পানির দামও সংশ্লিষ্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্যান্য ইভেন্টের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।
