পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার দারুণ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪০ পিএম, ১২ জুন ২০২৬
পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার দারুণ জয়

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে ফুটবল বিশ্বকাপ শুরু করল দক্ষিণ কোরিয়া। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া।

মেক্সিকোর গুয়াদালহারার সাপোপানে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে বল দখলে নিয়ে মধ্যমাঠের নিয়ন্ত্রন নেয় দক্ষিণ কোরিয়া। গোলের জন্য চেক প্রজাতন্ত্রকে চাপে রেখেছিল তারা। প্রতিপক্ষের গোলমুখে ৯টি শট নিলেও গোলের দেখা পায়নি দক্ষিণ কোরিয়া।

গোলের একাধিক সুযোগ নষ্ট করেছেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক হিউন-মিন-সন। অন্যদিকে, রক্ষণভাগ সামলানোতেই ব্যস্ত ছিল চেক প্রজাতন্ত্র। শেষ পর্যন্ত প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও চেক প্রজাতন্ত্রকে চেপে ধরে দক্ষিণ কোরিয়া। কিন্তু ম্যাচের ৫৯ মিনিটে গোল পেয়ে যায় চেক প্রজাতন্ত্র। ভøাদিমির চৌফালের লম্বা থ্রো থেকে দারুণ হেডে বল জালে জড়ান সেন্টার-ব্যাক ও অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। ১-০ গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র।

গোল হজম করে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া উঠে দক্ষিণ কোরিয়া। ৬৭ মিনিটে গাং-ইনের পাস থেকে বল নিয়ে বক্সের ভেতরে চেক প্রজাতন্ত্রের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান হোয়াং ইন-বম। ম্যাচে ১-১ সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া।

৭৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়েছিল চেক প্রজাতন্ত্র। টমাস সৌচেকের গোল অফসাইডে বাতিল করে দেন রেফারি।
৮০ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। ইন-বমের পাস থেকে দারুণ শটে গোল করেন হিউয়ান-গিউ।

এরপর ম্যাচের বাকী সময় লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। ম্যাচের ৬২ শতাংশ সময় বল দক্ষিণ কোরিয়ার দখলে ছিল। ১৫বার গোলে শট নেয় তারা। এরমধ্যে ৭টি শট লক্ষ্যে ছিল। ২০১০ বিশ্বকাপের পর এই প্রথম জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো দক্ষিণ কোরিয়া।



শেয়ার করুন :