লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ জোয়ানে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৮ জুন ২০২৬
লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ জোয়ানে

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আসরের দ্বিতীয় লাল কার্ডটি দেখেছিলেন দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার থেম্বা জোয়ানে। ওই লাল কার্ডের জেরে জোয়ানেকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফিফা।

আজটেকা স্টেডিয়ামের ওই ম্যাচটিতে মেক্সিকো ২-০ গোলে জয়ী হয়। প্রতিপক্ষ ডিফেন্ডার রবার্তো আলবারাডোর মুখে আঘাত করার করার কারণে ম্যাচের ৮৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন জোয়ানে।

ফলে দক্ষিণ আফ্রিকা ৯ জনের দলে পরিণত হয়। কারণ, এর আগে ম্যাচের শুরুতে মিডফিল্ডার শেফেলো সিথোলে আসরের প্রথম লাল কার্ড দেখেছিলেন। ম্যাচটিতে মোট তিনজনকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি।

৩৬ বছর বয়সী জোয়ানে বদলী বেঞ্চ থেকে মাঠে নামার ২০ মিনিটের মধ্যে লাল কার্ড দেখেন। ব্রাজিলিয়ান রেফারি উইলটন সামপাইও ফাউলের পর জোয়ানেকে লাল কার্ড দেখাতে কোন কার্পন্য করেননি।

ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকান কোচ হুগো ব্রুস বলেছিলেন, মেক্সিকোর একটি গোলের সুযোগ নষ্ট করার সময় সিথোলের লাল কার্ড তিনি মেনে নিয়েছেন। তবে জোয়ানের লাল কার্ড বিতর্কিতভাবে দেওয়া হয়েছে।

বিশ্বকাপের আইনানুযায়ী লাল কার্ডের কারণে পরবর্তী ম্যাচে সেই খেলোয়াড় নিষিদ্ধ থাকবে। তবে ফাউলের ধরণ বিবেচনায় ফিফা ডিসিপ্লিনারি কমিটি নিষেধাজ্ঞার সময় বাড়াতে পারে।

জোয়ানেকে নিষিদ্ধ করার পর ফিফা জানিয়েছে, নিষেধাজ্ঞার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা আপিল করতে পারবে।



শেয়ার করুন :