জয়ের ম্যাচে ব্রাজিল শিবিরে ‘দুঃসংবাদ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩০ এএম, ২০ জুন ২০২৬
জয়ের ম্যাচে ব্রাজিল শিবিরে ‘দুঃসংবাদ’

হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয় পেলেও ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা উঁকি দিয়েছে। দলের অন্যতম সেরা তারকা রাফিনহা ইনজুরির কারণে মাঠ ছেড়েছেন। নেইমার যখন চোট থেকে সেরে উঠার লড়াইয়ে রয়েছেন, এমন সময় রাফিনহার খেলার অবস্থা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল টানা নবম বারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে দলটি আশানুরূপ ফল করতে পারেনি। তবে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিলকে ছন্দে ফিরতে দেখা গেছে।

ম্যাচের প্রথমার্ধে হাইতির বিপক্ষে দুটি গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ম্যাথিউস কুনহা। তবে দ্বিতীয় গোলের উত্তেজনা বেশিক্ষণ স্থায়ী হয়নি, যখন ব্রাজিলের অন্যতম সেরা তারকা রাফিনহা পেশীর টান লাগা নিয়ে মাঠ ছাড়েন।

হাইতিকে ৩-০ গোলে হারিয়ে জয় পেল ব্রাজিল

৩৯তম মিনিটে হঠাতই রাফিরহাকে মাঠে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় এবং তিনি নিজেই চিকিৎসার জন্য সংকেত দেন। মাঠে কিছুক্ষণ পরীক্ষা-নিরীক্ষার পর রাফিনহা উঠে দাঁড়ালেও তাকে মাঠ ছাড়তে হয়। তার পরিবর্তে রায়ানকে মাঠে নামানো হয়।

ম্যাচ চলাকালে লাইভ সম্প্রচারে উল্লেখ করা হয়, মনে হচ্ছে রাফিনহার এটি একটি হ্যামস্ট্রিং ইনজুরি। এটি এমন একটি অসুস্থতা, যা অত্যন্ত জটিল হতে পারে এবং তার বিশ্বকাপ খেলার যোগ্যতাকে অনিশ্চিত করে তুলতে পারে।

ধারাভাষ্যকার ল্যান্ডন ডোনোভান বলছিলেন, এমন ইনজুরি সারতে ন্যূনতম ৭ থেকে ১০ দিন কিংবা প্রায়শই এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে।



শেয়ার করুন :