ছন্দে ফেরা, নকআউট, নেইমার; এক ম্যাচে ব্রাজিলের অনেক পাওয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৫ জুন ২০২৬
ছন্দে ফেরা, নকআউট, নেইমার; এক ম্যাচে ব্রাজিলের অনেক পাওয়া

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে নিজেদের চিরচেনা পারফরম্যান্সে ফিরেছে ব্রাজিল। ভিনি জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ খেলা নিশ্চিত করেছে তারা। একই সাথে ইনজুরি থেকে ফিরে ম্যাচটি দিয়ে মাঠে ফিরেছে নেইমার জুনিয়র।

মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে ভিনি জুনিয়রের জোড়া গোলে ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ৭ম এবং অতিরিক্ত সময়ে (৪৫+৩) দ্বিতীয় গোলটি করে ভিনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০তম মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন ম্যাথিউস কুনহা।

মরোক্কর সাথে ড্র করে বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন শুরুতে চারদিকে শুরু হয়েছিল নানা সমালোচনা। দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ৩-০ গোল জয় তুলে নেয় তারা।
sportsmail24
স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেন ভিনি জুনিয়র, ছবি-ফিফা

দল জয়ে ফিরলেও মাঠের পারফরমন্স নিয়ে সন্তুষ্ট ছিল না ভক্তরা। ব্রাজিলও অবশ্য সেই আশা পূরণ করতে পারেনি। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভক্তদের মন জয় করেছে ভিনি-ম্যাথিউসরা।

এছাড়া এ ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর এবং চলমান বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠের খেলায় ফিরেছেন ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও আধুনিক ফুটবলের অন্যতম সেরা তারকা নেইমার।

ম্যাচের ৭৬তম মিনিটে কুনহার পরিবর্তে নেইমারকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। প্রায় আড়াই বছর পর ব্রাজিলের জার্সিতে কাল মাঠে নামেন নেইমার।

বাকি সময়ের মধ্যে আর কোন গোল না আসলেও নেইমারের মাঠে ফেরাটা ছিল ব্রাজিলের জন্য দারুণ কিছু। বদলি হিসেবে নামার সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উল্লাসেই তার প্রমাণ রেখেছে।
sportsmail24
ইনজুরি থেকে ফিরে মাঠে ফিরেছেন নেইমার, ছবি- ফিফা

স্কটল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। আক্রমণে ছিল বেশ গতি। প্রতিটি আক্রমণে ছিল আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।

ম্যাচটিতে স্কটল্যান্ডের জালে ২১ বার শট নিয়েছে ব্রাজিল, যেখানে টার্গেটের শট ছিল ৮ বার। এমন আগ্রাসী আক্রমণই প্রমাণ দেয় বিশ্বকাপে নিজেদের চিরচেনা ছন্দে ফিরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের শুরুতে কার্লো আনচেলত্তির দল প্রকৃত অর্থেই শিরোপা জয়ের দাবীদার কি-না -এ নিয়ে শঙ্কা থাকলেও গ্রুপ পর্বের পারফরমেন্সে তার থেকে অনেকটাই বেরিয়ে এসেছে সেলেসাওরা। ২৯ জুন হিউস্টোনে শেষ ৩২’র ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল।



শেয়ার করুন :