বিশ্বকাপের শেষ-৩২ পর্বে জাপানের বিপক্ষে ম্যাচ নিয়ে দল বেশ আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন ব্রাজিলের ডিফেন্ডার মারকুইসহোস। তিনি বলেন, দল হিসেবে ব্রাজিল এখন অনেক বেশি পরিণত এবং শক্তিশালী।
চলতি বছরের অক্টোবরে প্রীতি ম্যাচে নিজেদের মাঠে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল জাপান। ৩২ বছর বয়সী পিএসজির ডিফেন্ডার প্রীতি ম্যাচের হার থেকে দল গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে বলে জানান। একই সাথে বিশ্বকাপ মঞ্চের ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী মারকুইনহোস।
তিনি বলেন, “আমি মনে করি, ওই ম্যাচটি আমাদের জন্য বড় একটি শেখার অভিজ্ঞতা ছিল। গত কয়েক বছরে আমরা যা কিছু পার করেছি, সবকিছুই আমাদের বিশ্বকাপের এই মুহূর্তে নিয়ে এসেছে। প্রতিটি অভিজ্ঞতাই আমাদের শেখার সুযোগ করে দিয়েছে।”
মারকুইনহোস বলেন, “ওই ম্যাচটি ছিল আমাদের জন্য একটি পরীক্ষা, আর আমাদের কোচ সেখানে যা দেখার দরকার ছিল, তা দেখতে পেরেছেন। এরপর থেকে আমরা অনেক উন্নতি করেছি। দল হিসেবে আমরা অনেক বদলেছি। অনেক সমন্বয় করা হয়েছে এবং শেষ কয়েকটি ম্যাচে আমরা দল হিসেবেও অনেক বেশি পরিণত হয়েছি।”
রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামা ব্রাজিল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। এরপর তারা হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ গোলে একই ব্যবধানে হারিয়ে দিয়েছে।
মারকুইনহোস বলেন, “ব্রাজিল ধীরে ধীরে টুর্নামেন্টে নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছে। মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়ার পর দল আরও পরিণত হয়েছে। জাতীয় দলের হয়ে খেলাটা সব সময়ই গর্বের বিষয়। শুরুর দিকে আমরা একসঙ্গে ঠিকভাবে খেলতে পারছিলাম না। পরে আমাদের কোচ যেসব পরিবর্তন করেছেন, সেগুলো দারুণ কাজে দিয়েছে।”
কোচের প্রশংসা করে তিনি বলেন, “তিনি অত্যন্ত বুদ্ধিমান একজন কোচ। খেলোয়াড়দের কীভাবে আরও উন্নত করা যায়, সেটা তিনি খুব ভালো জানেন। এখন সবকিছু ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা জানি আমাদের দলে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে।”
