ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ৩২ পর্বের প্রথম ম্যাচে নাটকীয় এক জয়ে শেষ ১৬-তে খেলা নিশ্চিত করেছে কানাডা। নক আউট পর্বে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচের শেষ মুহূর্তে (৯০+২) গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে শেষ ১৬-তে উঠেছে উত্তর আমেরিকার দলটি।
ম্যাচের পুরোটা সময় দুই দলই গোলের জন্য লড়াই করলেও নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই জালের দেখা পায়নি। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) স্টিফেন ইউস্তাকিও করা দুর্দান্ত একমাত্র গোলে জয় নিশ্চিত করে কানাডা।
পরিসংখ্যানে অবশ্য বল দখল ও পাসিংয়ে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচে তারা ৫৮ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণে রেখে ৫৩৮টি পাস সম্পন্ন করেছে। যেখানে পাসের সফলতার হার ছিল ৮৮ শতাংশ।
অন্যদিকে, কানাডার বল দখল ছিল ৪২ শতাংশ। ৩৯২টি পাসের মধ্যে তাদের সফলতার হার ছিল ৮২ শতাংশ। তবে আক্রমণে ছিল কানাডার আধিপত্য। প্রতিপক্ষে গোলবার লক্ষ্য করে ম্যাচে তারা ১৪টি শট নিয়েছে, যার মধ্যে টার্গেট শট ছিল ৭টি। বিপরীতে দক্ষিণ আফ্রিকা মাত্র ৬টি শট নিতে সক্ষম হয় এবং টার্গেট শট ছিল ২টি।
এছাড়া ম্যাচে কানাডা ৪টি কর্নার আদায় করে, যেখানে দক্ষিণ আফ্রিকা পায় মাত্র ১টি। ফাউলের সংখ্যায় দক্ষিণ আফ্রিকা ১০টি এবং কানাডা ১৫টি ফাউল করে। কানাডার দুই খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও দক্ষিণ আফ্রিকার কোনো খেলোয়াড় কার্ড দেখেনি।
লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ে কানাডার শেষ ষোলো নিশ্চিত হয়েছে। নক আউট হওয়ায় হার নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।
