টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলতে মরক্কো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৪ এএম, ৩০ জুন ২০২৬
টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলতে মরক্কো

রোমাঞ্চকর ম্যাচে অতিরিক্ত সময়ের পরও ১-১ গোলে ড্র থাকায় নেদারল্যান্ডস ও মরক্কোর ভাগ্য নির্ধারণ হয়েছে টাইব্রেকারে। পেনাল্টি শুট-আউটে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মরক্কো।

সোমবার (২৯ জুন; বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর) মন্টেরিতে অনুষ্ঠিত ম্যাচটিতে নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয় খেলা। এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় কোন গোল না হওয়া ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে নেদারল্যান্ডস তিনটি এবং মরক্কো দুটি শট মিস করে। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু ক্রিসেনসিও সামারভিলের নেওয়া নেদারল্যান্ডসের পঞ্চম টাইব্রেকারটি দারুণভাবে রুখে দেন। এরপর স্ট্রাইকার ইসমাইল সাইবারি জয়সূচক স্পট-কিকটি জালে জড়িয়ে দেন, যা শুট-আউটে ৩-২ গোলে মরক্কোর জয় নিশ্চিত করে।

এই জয়ের ফলে মরক্কো শেষ ষোলতে খেলা নিশ্চিত করেছে। অন্যদিকে, চলমান ফুটবল বিশ্বকাপ থেকে নেদারল্যান্ডসের বিদায় ঘটেছে।শনিবার হিউস্টনে শেষ ষোলোতে কানাডার মুখোমুখি হবে মরক্কো।

ম্যাচটিতে মরক্কোর ভাগ্য ভালো ছিল। মূল খেলায় ৭২তম মিনিটে গোল হজম করে ১-০তে পিছিয়ে পড়েছিল তারা। নির্ধারিত ৯০ মিনিটেও সমতায় ফিরতে পারেনি তারা। নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাওয়া নেদারল্যান্ডসকে মরক্কো হতাশ করে ম্যাচের অতিরিক্ত সময়ে। ৯০+১ তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ঈসা দিউপ।



শেয়ার করুন :