নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও কোচ কার্লো আনচেলত্তিকে দায়িত্বে রাখার পরিকল্পনা করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। দেশটির লক্ষ্য এখন ২০৩গ বিশ্বকাপ।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। পেনাল্টি পেলেও গোল করতে না পারায় শেষ হতাশার বিদায় ঘটে ব্রাজিলের।
ম্যাচ শেষে ব্রাজিল জাতীয় দলের কো অর্ডিনেটর রডরিগো কেটানো বলেছেন, “এখন আমাদের দায়িত্ব হলো এই বিষয়টির উপর জোর দেওয়া- পুরো প্রক্রিয়াটি যেন স্বাভাবিকভাবে এগিয়ে যায় এবং কিছুটা শান্ত পরিবেশ বজায় থাকে। প্রয়োজনীয় সমন্বয় সাধন করে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচের সঙ্গে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।”
তিনি বলেন, “আমরা অন্তত এতটুকু শান্ত ও স্থিতিশীল পরিবেশ চাই, যাতে সামনে এগিয়ে যেতে পারি এবং পরবর্তী বিশ্বকাপের জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারি।”
২০২৫ সালের মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে আসা আনচেলত্তির সাথে গত মাসে চুক্তি বৃদ্ধি করে সিবিএফ। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলেই থাকবেন।
৬৭ বছর বয়সি আনচেলত্তি ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বর্ধিত কলেবরের এবারের আসওে খেলতে এসেছিলেন। যদিও কিছুটা আগেভাগে বিদায় নিয়ে আনচেলত্তির যাত্রাকে সুখকর করতে পারেনি শিষ্যরা।
কেটানো আরও বলেন, “অবশ্যই এই মুহূর্তে সবাই দারুণ হতাশ। খেলোয়াড়, কোচিং স্টাফসহ সকলেই মানসিকভাবে ভেঙে পড়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন।”
একইসাথে কেটানো আসরের ইতিবাচক দিকগুলোর দিকেও নজর দেওয়ার চেষ্টা করেছেন। বলেন, “অন্যদিকে, আমরা একসঙ্গে কাটানো সময়টাকেও উপেক্ষা করতে পারি না। বিশেষ করে সেই ৩৮টি দিন, যখন খেলোয়াড়রা, আমরা সবাই এবং আপনারাও তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের মান কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত।”
