ফিফার কাছে ‘ফকল্যান্ড ব্যানার’ নিয়ে অভিযোগ দিলো ব্রিটিশ সরকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৬ জুলাই ২০২৬
ফিফার কাছে ‘ফকল্যান্ড ব্যানার’ নিয়ে অভিযোগ দিলো ব্রিটিশ সরকার

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব দাবি করে লিওনেল মেসিদের ব্যানার প্রদর্শনের ঘটনায় এবার ফিফা কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানালো ব্রিটিশ সরকার। বিষয়টি তদন্ত করতে ফিফার প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রিটিশ সরকার এ আহ্বান জানায়। এর আগে বুধবার দিনগত রাকে যুক্তরাষ্ট্রের আটলান্টায় দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে আর্জেন্টিনা।

ওই ম্যাচ শেষে উদযাপনের সময় গ্যালারি থেকে সমর্থকদের ছুঁড়ে দেওয়া একটি ব্যানার নিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়েরা মাঠেই জয় উদযাপন করেন। ব্যানারে স্প্যানিশ ভাষায় লেখা ছিল- ‘লাস মালভিনাস সন আরহেনতিনাস’, যার বাংলা অর্থ ‘মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’।

ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক প্রকৃতির যেকোনো ব্যানার, পতাকা, লিফলেট বা অনুরূপ সামগ্রী প্রদর্শন নিষিদ্ধ। এমন বার্তায় খেলোয়াড় বা সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ফিফা ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে।

যুক্তরাজ্যের বাণিজ্যবিষয়ক মন্ত্রী পিটার কাইল ঘটনাটিকে ‘সম্পূর্ণ অনুপযুক্ত’ আচরণ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ফিফা যেন বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে।

আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে নিজেদের ভাষায় ‘ইসলাস মালভিনাস’ নামে অভিহিত করা হয়। ১৮১৬ সালে স্পেন থেকে স্বাধীনতা পাওয়ার পর দ্বীপপুঞ্জটি নিজেদের উত্তরাধিকারসূত্রে পাওয়া বলে দাবি করে আসছে দেশটি।

তাদের ভাষ্য অনুযায়ী, ১৮৩৩ সালে অবৈধ ঔপনিবেশিক পদক্ষেপে এই দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নেয় ব্রিটেন। ১৯৮২ সালে তৎকালীন সামরিক সরকারের নির্দেশে দ্বীপপুঞ্জটিতে অভিযান চালায় আর্জেন্টিনা, যার জেরে প্রায় ১০ সপ্তাহের যুদ্ধে ব্রিটেন জয়ী হয়। ওই যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন এবং ২৫৫ জন ব্রিটিশ সেনা প্রাণ হারিয়েছিলেন।



শেয়ার করুন :